স্টাফ রিপোর্টার
সাংস্কৃতিক সংগঠন সৃষ্টির আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। শুক্রবার দুপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একটি হল রুমে সংগঠনের সাপ্তাহিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি ।
এসময় সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি সংগঠনের সদস্য, পৃষ্ঠপোষক, পরিচালনা কমিটির সাথে কথা বলেন। টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আজিজুল সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. বরকতুল্লাহ বলেন,‘ সাহিত্য সংস্কৃতির মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব বিকাশ পায়। আত্মবিশ্বাস অর্জনের মধ্য দিয়ে নিজের মেধার বিকাশ সাধন সম্ভব। আত্মবিশ্বাসের পাশাপাশি সকলকে অধ্যাবসায়ী হতে হবে। তাহলেই কেবল জীবনের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছা যাবে।’
সৃষ্টির পরিচালক সামিনা চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সত্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ পাল নিতাই, জেলা সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনা চৌধুরী রুবি, সমাজ সেবক মাইদুল ইসলাম, নাট্যকার পল্লব ভট্টাচার্য, সাংবাদিক শহীদ নুর আহমেদ, সংগঠনের দলনেতা প্রীতি ইসলাম, সদস্য নিপুল দাস, আদিল হাসান প্রমুখ।