- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সৃষ্ট জটিলতার অবসান সাত মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে চুনাপাথর আমদানী শুরু

ছাতক  ও জাউয়া প্রতিনিধি
ভারত থেকে চুনাপাথর আমদানীর বিষয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে। আগামী মঙ্গলবার থেকে সব রোটে আবারো চুনাপাথর আমদানী শুরু হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ভারতের মেঘালয়ের শিলংয়ের পাইনউড হোটেলে মেঘালয়ের বন ও পরিবেশ মন্ত্রী মি. প্রেস্টন টাইনসংর সাথে বাংলাদেশের দু’প্রতিনিধি এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ ও ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীর এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এসময় ভারতের জয়েন্ট এ্যাকশন গ্রুপের প্রেসিডেন্ট রিবেন রয় লাইনিদোসহ ব্যবসায়িবৃন্দ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে সড়কপথে তামাবিল সীমান্ত দিয়ে শিল্পপতি আব্দুল মাতলুব আহমদ ও   আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী মেঘালয় রাজ্যের ডাউকি এলাকায় পৌঁছলে সেখানের ব্যবসায়ীবৃন্দ তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। রাতে শিলংয়ের পাইনউড হোটেলে অনুষ্ঠিত বৈঠকে শতকরা ১০ভাগ বেশী চার্জ সংযোজন করে আগামী মঙ্গলবার থেকে বাংলাদেশে আবারো চুনাপাথর রপ্তানীর বিষয়টি চুড়ান্ত হয়।
উল্লেখ্য ভারতের মেঘালয়ের হাইকোর্ট একটি রীট আবেদনের প্রেক্ষিতে ‘মাইন বিষ্ফোরনের’ উপর নিষেধাজ্ঞা জারি করলে মেঘালয়ের ফরেস্ট বিভাগ গত বছরের ৩০ জুলাই থেকে বাংলাদেশে চুনাপাথর রপ্তানী বন্ধ করে দেয়। চুনাপাথর আমদানী বন্ধ হয়ে যাওয়ায়  ব্যবসা ক্ষেত্রে বাংলাদেশে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘ প্রায় ৭ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবারো চুনাপাথর আমদানী শুরু হওয়ার সম্ভাবনায় এখানের ব্যবসায়ীরা অনেকটা হতাশামুক্ত হয়েছেন।
আহমদ শাখাওয়াত চৌধুরী সেলিম শিলং থেকে মুঠো ফোনে জানান, চুনাপাথর আমদানী পুনরায় স্বাভাবিক করতে ইতিমধ্যে ভারত-বাংলাদেশের সংশিষ্টদের সাথে একাধিকবার বৈঠক হয়েছে। এসব বৈঠকে উভয়ই দেশের নেতৃবৃন্দ ইতিবাচক ভুমিকা রেখেছেন। যার ফলশ্রুতিতেই চুনাপাথর আমদানী ক্ষেত্রে পুনরায় সম্ভাবনার দ্বার উন্মোচিত হল।

  • [১]