সু.খবর ডেস্ক
নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনকালীন সহায়ক সরকার, সেনা মোতায়েন ও সংসদ ভেঙে দেয়ার উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেলা সা ড়ে ১১টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল এ কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনকালীন সরকার যদি অর্জন না হয়, সংসদ যদি ভেঙে দেওয়া না হয় এবং নির্বাচনে সেনা মোতায়েন যদি না করা হয়, তাহলে সেই নির্বাচন অর্থবহ হবে না, গ্রহণযোগ্য হবে এবং আগে যে সংকট, সেটা থেকেই যাবে।
বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন
কমিশনের সংলাপকে লোক দেখানো বলে অভিহিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি আগেই বলেছি, নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো ও আইওয়াশ। সুতরাং সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে সেনা মোতায়েন না করলে সবার কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উলাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।