- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সেবা প্রদান সহজ হয়েছে মোবাইল অ্যাপে

বিন্দু তালুকদার
তথ্যসচিব মরতুজা আহমদ বলেছেন, ‘নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশকে দারিদ্রমুক্ত ও ক্ষুধামুক্ত করতে, উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন। ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেকদূর এগিয়েছি এবং এই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে মোবাইল অ্যাপের মাধ্যমে সেবা প্রদান সহজ ও দ্রুত হয়েছে।’
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রকাশিত সচিত্র কিশোর মাসিক পত্রিকা ‘নবারুণ মোবাইল অ্যাপ’ এর উদ্বোধন ও নবারুণ উৎসবে প্রধান     অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) ‘নবারুণ’ কে পাঠকদের কাছে আরো সহজলভ্য করার লক্ষ্যে সুনামগঞ্জে ‘নবারুন’ উৎসবের আয়োজন করে।
রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে নবারুণ উৎসবের উদ্বোধন করেন তথ্য সচিব মরতুজা আহমদ। এর আগে নবারুণ পত্রিকাকে মোবাইল ফোনের মাধ্যমে সহজ পাঠযোগ্য করতে শিশু ও কিশোরদের আগ্রহী করে তুলতে নবারুন মোবাইল অ্যাপ এর উদ্বোধন করেন তিনি।
তথ্য সচিব আরও বলেন,‘ নবারুণ পত্রিকার মাধ্যমে যাতে শিশু-কিশোররা তাদের মেধা ও মননশীলতার উন্নয়ন ঘটাতে পারে সেজন্য এই অ্যাপ চালু করা হলো। এখন এই অ্যাপের মাধ্যমে দেশ-বিদেশের সবাই নবারুণ পত্রিকা পড়ার সুযোগ পাবেন। মতামত প্রদানেরও সুযোগ থাকবে। শিশু-কিশোররা তাদের লেখা প্রকাশের সুযোগ পাবে এবং তাদের প্রতিভার বিকাশ ঘটবে। এটি সুনামগঞ্জে উদ্বোধন হলেও দেশ-বিদেশের সবাই যাতে পড়তে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন,‘ এই পত্রিকাটি ১৯৭০ সালের জুন মাসে প্রকাশিত হয়েছে। যুদ্ধ বিধ্বস্থ স্বাধীন দেশে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশের ‘নবারুণ’ এর নতুন প্রকাশনা শুরু করেছিলেন। এর পর থেকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রকাশ হতে থাকে নরারুণ। জাতির পিতার আদর্শকে দৃঢ় ও সমুন্নত রাখতে নবারুণ নিয়মিত প্রকাশিত হচ্ছে। ’
তথ্য সচিব আরও বলেন,‘ সুনামগঞ্জ শুধু সংস্কৃতির ক্ষেত্রই নয়; আমি মনে করি এটি সংস্কৃতির রাজধানী ঘোষিত হওয়া উচিত। সুনামগঞ্জ মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও অনন্য মর্যাদায় ভাস্বর হয়ে রয়েছে। জেলার আনাচে-কানাচে মুক্তিযুদ্ধের যত স্মৃতি রয়েছে তা তুলে ধরতে হবে। ’
উৎসবে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার পাশাপাশি নবারুণ উৎসবে ডিএফপি’র প্রকাশনাসমূহের প্রদর্শনীর আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও নবারুণ সম্পাদক নাসরীন জাহান লিপির সঞ্চালনায় নবারুণ অ্যাপ উদ্বোধন ও নবারুণ উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, দৈনিক জনকণ্ঠের বিজ্ঞান পাতার বিভাগীয় সম্পাদক রেজা মাহফুজ চৌধুরী, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, স্থানীয় দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন বলেন,‘ ‘নবারুণ’ পত্রিকা এখন ডিএফপি’র ওয়েবসাইট, ফেসবুক পাতা থেকেও পড়া যাচ্ছে। বাংলাদেশে শিশু কিশোরদের পত্রিকা ‘নবারুণ’ নিয়মিত প্রকাশিত হচ্ছে।’
নবারুণ উৎসবের আলোচনা সভার পর মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তথ্যসচিবসহ অতিথিগণ।

  • [১]