- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়ার সংবর্ধনা তৃণমূলে জঙ্গিবাদ বিরোধী ঐক্যের প্রতি গুরুত্বারোপ

লন্ডন প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর সংবর্ধনায় তৃণমূল থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সামাজিক ঐক্য গড়ে তুলার আহবান জানানো হয়েছে।  চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সজ্জ্বন ব্যক্তি হিসেবে পরিচিত প্রবাসী তৈয়ব মিয়া কামালী তাঁর কর্ম ও বসবাসস্থল লন্ডনে ছুটে এলে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেয়া হয়। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত জনাব কামালী সংবর্ধনার জবাবে এলাকার মুরুব্বিয়ানদের পরামর্শে সকলকে সাথে নিয়ে ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ আলম কামালীর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক রুহুল আমিন কামালী’র  পরিচালনায়  অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেন প্রবাসী খ্যাতিমান সাংবাদিক সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সন্তান সৈয়দ আনাস পাশা। বিশেষ অতিথি ছিলেন নর্থ ইষ্ট ইংল্যান্ডের সান্ডারল্যান্ড বাংলাদেশী সেন্টারের চেয়ারম্যান সৈয়দ খালেদ মিয়া অলিদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  লুৎফুর রহমান কামালী, আহমদ কুতুব, সৈয়দ শাহেদ আহমদ, সৈয়দ নুরুল ইসলাম দুলু, গয়াছ মিয়া, খ্যাতিমান গীতিকার সৈয়দ দুলাল, তাহের কামালী, সৈয়দ তাজুদ মিয়া, জয়তুন মিয়া, ইউসুফ কামালী, শেখ ফারুক, জাহাঙ্গীর হুসেন লালন, অয়েছ কামালী লেবু, খালেদ কামালী, আজাদ আলী, মতিউর রহমান কামালী ও সৈয়দ জিল্লুল হক প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন রফিকুল হক ধলা, আলতাবুর রহমান, নুর আলী, আ. মফিজ, কবির আহমদ মিনু, হারিক কামালী, ছড়াকার সৈয়দ হিলাল, জয়নাল আহমদ, রুমেন মিয়া, আরিফ হাসান টুনু ও নোমান কামালী প্রমুখ।
রফু মিয়া কামালীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হন নবনির্বাচিত চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী।
সংবর্ধনার জবাবে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন গড়ার কাজ করি। তিনি দায়িত্ব কালীন আগামী পাঁচ বছরে নিজের অগ্রাধিকার ভিত্তিক কাজগুলোর পরিকল্পনার কথাও তুলে ধরেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তৃতায় নব-নির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে বলেন, অভিনন্দন পরাজিত প্রার্থীদের প্রতিও। কারণ তারা তাদের পরাজয় মেনে নেয়ায় গণতন্ত্রের সৌন্দর্য উপভোগ করতে পেরেছে ইউনিয়নবাসী। জঙ্গিবাদকে সাম্প্রতিক সময়ের মরনব্যাধি আখ্যায়িত করে এর বিরোদ্ধে তৃণমূল থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি নবনির্বাচিত চেয়ারম্যানের প্রতি।
তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরোদ্ধে এলাকার শিক্ষক, আলেম-উলামা, মসজিদের ইমাম, ধর্মীয় ও সামাজিক নেতাদের সমন্বয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠনের উদ্যোগ নিতে পারেন নব-নির্বাচিত চেয়ারম্যানরা।
মাঝে মাঝে কোন কোন এলাকায় ইউনিয়ন চেয়ারম্যানরা গডফাদার হিসেবে সংবাদ মাধ্যমের খবর হন, এমনটি উল্লেখ করে প্রধান অতিথি বলেন আমাদের চেয়ারম্যান বাড়ী থেকে বেরিয়ে অফিসে যাবেন বডিগার্ড নিয়ে নয়, মানুষের সালাম ও ভালোবাসার জবাব দিতে দিতে, এমনটাই আমরা চাই। চেয়ারম্যান ইউনিয়নের মুরুব্বীদের প্রাপ্য সম্মান দিয়ে ভবিষ্যত চেয়ারম্যানদের কাছে অনুকরণীয় হবেন চেয়ারম্যানের কাছে এটিও আশা করেন তিনি।
অন্যান্য বক্তা ‘নির্বাচিত হওয়ার পর তৈয়ব কামালী আমাদের সবার চেয়ারম্যান’ এমন মন্তব্য করে ইউনিয়ন পরিচালনায় তাঁর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহবান জানান। তারা প্রতিশ্রুতি দিয়ে বলেন, একটি মডেল ইউনিয়ন গড়তে চেয়ারম্যানের প্রতি আমাদের সহযোগিতার হাত আজ থেকেই আমরা প্রসারিত করে রাখলাম।

  • [১]