স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাবেক সংসদ সদস্য মতিউর রহমান ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বৃহস্পতিবার সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
কমিটি ঘোষণার আগে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন,‘৩ বছর পর সম্মেলন করার কথা, কিন্তু সুনামগঞ্জে হচ্ছে ১৭ বছর পর। এই ১৭ বছরে ৪ বার সম্মেলন হবার কথা ছিল। ৪ বার সম্মেলন হলে ৪ জন সভাপতি ও সম্পাদক হতেন। সময় মতো সম্মেলন হলে দলও শক্তিশালী হয়। নতুন নেতৃত্ব বের হবার সুযোগ তৈরি হতো’। তিনি বলেন,‘গণতান্ত্রিক রাষ্ট্রে দলের এবং সরকারের মধ্যে সমন্বয় প্রয়োজন। সুনামগঞ্জ জেলায় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হবার মতো অনেক নেতা রয়েছেন। কে নেতৃত্ব দেবে? কার কী যোগ্যতা এসব বিষয় আওয়ামী লীগ সভানেত্রী নিজেই খোঁজ খবর নেন, সভানেত্রী ব্যক্তিগত সূত্র থেকেও যাচাই-বাছাই করেন, সম্মেলনের আগের দিন আমাকে দুটি নাম তুলে দিয়ে বলেন, তুমি আমার পক্ষ থেকে সম্মেলনে প্রস্তাব করবে। আমি সভানেত্রীর দেওয়া দুটি নাম উত্থাপন করলে আপনারা নিশ্চয়ই খালি হাতে ফেরৎ দেবেন না’।
পরে সৈয়দ আশরাফুল ইসলাম সভাপতি পদে মতিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নাম ঘোষণা করেন।
এসময় মাঠ জুড়ে করতালি শুরু হয়। মঞ্চের সামনে কিছু লোকজন মানি না, মানবো না বললেও প্রতিবাদকারীদের সংখ্যা ছিল কম।