- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০১৬’ মনোনীত হয়েছেন কবি শামীম আজাদ এবং নাজমুন নেসা পিয়ারি

লন্ডন প্রতিনিধি
লন্ডনে বাংলাদেশ বই মেলার শেষ দিন গত রবিবার সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারে মনোনীত প্রবাসী লেখক সাহিত্যিকদের নাম ঘোষণা করার কথা থাকলেও সোমবার ঢাকা থেকে বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করা হয়েছে। এতে প্রবাসী লেখক সাহিত্যিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। লন্ডন থেকে প্রবাসী সাহিত্য পুরস্কার ঘোষণা করা হবে জেনে অনেকেই বই মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কিন্তু অনিবার্যকারণে তা ঘোষণা করা হয়নি। এনিয়ে বিলেতের লেখক সাহিত্যিকদের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা।
এদিকে বাংলা একাডেমি প্রবর্তিত ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০১৬’ এর জন্য এবার মনোনীত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কবি শামীম আজাদ এবং জার্মান প্রবাসী লেখক ও গবেষক নাজমুন নেসা পিয়ারি। গত ৬ অক্টোবর বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সভায় তাদের নাম অনুমোদিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলা একাডেমি।
আগামী বছর অমর একুশে গ্রন্থমেলায় আনুষ্ঠানিকভাবে শামীম আজাদ ও নাজমুন নেসা পিয়ারিকে এ পুরস্কার দেওয়া হবে। এ পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা। কবি ও লেখক শামীম আজাদ কবিতা, কথাসাহিত্য ও নাটক রচনা করেন। তিনি দীর্ঘদিন প্রবাসে বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতি চর্চার সংগঠক হিসেবে কাজ করছেন। আর নাজমুন নেসা পিয়ারি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদ করে থাকেন। তিনি প্রবাসে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত।
প্রবাসী বাঙালি লেখক, কবি-সাহিত্যিকদের মধ্যে যারা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় গভীরতাময় সাহিত্য রচনা করেন এবং বিদেশি নাগরিকদের মধ্যে যারা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা বৃদ্ধি করেন তাদের মধ্যে থেকে দুজনকে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়।
২০১১ সালে প্রবর্তিত ‘বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার’ ২০১৪ সাল থেকে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার’ হিসেবে দেওয়া হচ্ছে। মেলার শেষ দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দার এম তালহা।

  • [১]