- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সোনালী ব্যাংকে এত শূন্য পদ কেন?

সোনালী ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান ৯৩ জন কর্মকর্তা/কর্মচারীর শূন্য পদ (যা অনুমোদিত জনবলের ৫০% এর কাছাকাছি) রেখে জেলায় ১২ টি শাখার মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের অবর্তমানে সোনালী ব্যাংক সরকারি লেনদেন করে থাকে। স্বভাবতই সুনামগঞ্জের এগার উপজেলায়ই সোনালী ব্যাংকই সরকারের লেনদেন পরিচালনা করছে। তদুপরি এই ব্যাংকের মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতাভোগীদের ভাতা বিতরণসহ মুক্তিযোদ্ধাদের ভাতা ও পেনসনারদের ভাতা বিতরণ করা হয়ে থাকে। ফলত একক ব্যাংক হিসাবে সোনালী ব্যংকের কাজের পরিধি অন্যান্য ব্যংকের তুলনায় অনেক অনেক বেশি। এত স্বল্প জনবল নিয়ে ব্যাংকটি যে তার উপর অর্পিত দায়িত্ব এতদিন যাবৎ পালন করে যাচ্ছে সে জন্য এর প্রতিটি কর্মকর্তা/কর্মচারী ধন্যবাদ পাওয়ার যোগ্য। সরকার ব্যাংকটিকে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ঘোষণা দিয়েছেন বেশ আগেই। এর মধ্য দিয়ে ব্যাংকটিকে বাণিজ্যিক প্রতিযোগিতায়ও টিকে থাকার চেষ্টা করতে হচ্ছে। সবকিছু মিলিয়ে ব্যাংকের সুনামগঞ্জ অঞ্চলের অবস্থা খুবই নাজুক বলে আমাদের কাছে মনে হয়েছে। ১২ টি শাখায় ১৯৫ কর্মকর্তার পদ আমাদের কাছে খুব বেশি মনে হচ্ছে না। কাজের তুলনায় এই পদসংখ্যা আরেকটু বেশি হওয়াই বরং সংগত ছিলো। কিন্তু পদের সংখ্যা বাড়ানো দূরে থাকুক যেটুকু আছে তার অর্ধেক পদেই লোক দেয়া যাচ্ছে না, এই ধরনের বিসদৃশ অবস্থা কখনও সংগত হতে পারে না। এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ প্রত্যন্ত সুনামগঞ্জ জেলার এই ট্রেজারী ব্যাংকটির সক্ষমতা বাড়ানোসহ গ্রাহক সেবার মান বৃদ্ধিকল্পে অবিলম্বে শূন্য পদে পদায়নের ব্যবস্থা গ্রহণ করা হোক।
ব্যাংকে প্রয়োজনীয় লোকবল না থাকায় কী হচ্ছে? এককথায় কাক্সিক্ষত পর্যায়ের গ্রাহক সেবা দেয়া যাচ্ছে না। আমরা দেখতে পাই প্রতিটি শাখায়ই কর্মকর্তা/কর্মচারীগণ স্বাভাবিক অফিস সময়ের বাইরেও গভীর রাত পর্যন্ত কাজে নিয়োজিত থাকেন। তারপরেও প্রতিটি গ্রাহককে সন্তুষ্ট করা যায় না। গ্রাহকদের মনস্তাত্ত্বিক জায়গাটি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যে, কোন কাজের জন্য তারা অধিক সময় ক্ষেপণ করতে  চান না। ঝটপট কাজটি করে চলে যেতে চান সকলেই। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো প্রতিযোগিতায় আসার পর তারা গ্রাহক সেবার মান বৃদ্ধির জন্য নানাবিধ পন্থা অবলম্বন করায় সরকারি ব্যাংকগুলোর এই সীমাবদ্ধতা সকলের নজরে চলে এসেছে। গ্রাহকদের এই মনস্তাত্ত্বিক জায়গাটি বুঝতে হবে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে। নতুবা বেসরকারি ব্যাংকের সাথে অসম প্রতিযোগিতায় সরকারি এই ব্যাংকটি যথাস্থান বজায় রাখতে বেগ পাবে।
সোনালী ব্যাংকের সুনামগঞ্জ অঞ্চলে এত অধিক পদ শূন্য কেন? এই প্রশ্নের উত্তর একেবারেই জানা। শুধু সোনালী ব্যাংক কেন সকল প্রতিষ্ঠানেই এই জেলায় শূন্য পদের সংখ্যা দেশের যেকোন এলাকার চাইতে ঢের বেশি। এর কারণ হলো অপরাপর প্রতিষ্ঠানের মতো সোনালী ব্যাংকেও সিলেট/সুনামগঞ্জ অঞ্চলের লোকজনের চাকুরি হয় কম। কম হয় বলতে প্রতিযোগিতাভিত্তিক নিয়োগ পরীক্ষায় সম্ভবত এই অঞ্চলের ছেলে-মেয়েরা ভাল করতে পারছে না। অন্য এলাকার যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছে তারা চেষ্টা তদবির করে পছন্দসই জায়গায় পোস্টিং নিয়ে নিচ্ছে, যারা আসছে তারাও অল্পদিনের মধ্যেই সুবিধাজনক জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ সুনামগঞ্জে কেউ থাকতে চাচ্ছে না। এরকম সংকটে ব্যাংকটিকে পদায়নের একটি নীতিমালা অনুসরণ করলে ভাল হতো। সকল কর্মকর্তা/কর্মচারীকে পর্যায়ক্রমে চাকুরি জীবনের কমপক্ষে দুই বছর হাওর এলাকায় চাকুরি করার বাধ্যবাধকতা জারি করলে শূন্য পদের এত আধিক্য থাকত না বলেই আমাদের বিশ্বাস। কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখতে পারেন।

  • [১]