- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্কুলের দপ্তরীকে গাছে বেঁধে পেটালেন প্রভাবশালী

সোহেল তালুকদার, দ. সুনামগঞ্জ
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তোফায়েল আহমদকে গাছে বেঁধে নির্যাতন করেছেন গ্রামের এক প্রভাবশালী। উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের বাসিন্দা নিরীহ দপ্তরীর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্যাতিত তোফায়েল আহমদ মুক্তাখাই গ্রামের ফজর আলীর ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার বিকালে নির্যাতনের শিকার দপ্তরী মো. তোফায়েল আহমদ (৩২) বাদী হয়ে একই গ্রামের মনোয়ার আলীর পুত্র শাহনুর মিয়ার (৩৫) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী জানান, অভিযুক্ত শাহানুর মিয়ার কাছ থেকে ২ বছর আগে ১ লক্ষ টাকা ধার নেন গ্রামের শাহজাহান। এতে জামিনদার হন শাহজাহানের চাচাতো ভাই তোফায়েল আহমদ। এক পর্যায়ে ঋণগ্রহিতা শাহজাহান মিয়া মুক্তখাই গ্রাম হতে অন্যত্র চলে যান। পাওনা টাকা আদায় করতে গিয়ে রোববার দুপুরে তোফায়েল আহমদকে মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের লতাপাতা দিয়ে বেঁধে শাহনুর মিয়া নির্যাতন করে। এতে তোফায়েলের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয় লোকজন তোফায়েল আহমদকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
মঙ্গলবার নির্যাতনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেম্বার তাজ উদ্দিন জানান, টাকা পয়সা লেনদেন নিয়ে ঘটনাটি ঘটেছে। শাহানুর মিয়া টাকার জামিনদার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী নিরীহ তোফায়েল আহমদকে বেধরক মারপিট করেছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]