জগন্নাথপুর
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পঞ্চম ধাপে অনুষ্ঠিত হওয়ায় কিছুটা উত্তাপহীণ থাকলেও উপজেলা ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি দাখিল মাদ্রাসায় একযোগে ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার হলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর হয়ে পড়ে।
উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার চিত্র দেখা যায়। এছাড়াও বিভিন্ন ইউনিয়নগুলোতে মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন।
জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটের মাধ্যমে যারা বিজয়ীরা হলেন শ্রুতি সরকার তৃষা, ঐশ্বরীয়া দাশ ঐশী, তাজমিন আক্তার রিহা, ইসরাত জাহান, রুনা বেগম আফসানা মিমি তাহরিন ফাতেমা।
দিরাই
স্টাফ রিপোর্টার, দিরাই
শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিরাই উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ষষ্ট থেকে দশম শ্রেণীর ৭৯৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রার্থী, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টসহ সব দায়িত্বই পালন করেছে শিক্ষার্থীরা।
নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ভোটার তালিকা প্রণয়ন, ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা সব কিছুই করা হয়েছে জাতীয় নির্বাচনের মতো। ভোট কক্ষে ব্যালট পেপার, অমোচনীয় কালি, গোপনে ভোটদান ও ব্যালট বাক্সের ব্যবস্থা ছিল। নির্বাচনে ১২ প্রার্থী আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে শিক্ষার্থীর মধ্য থেকে ৫ জন প্রিজাইডিং অফিসার, ১০ জন পোলিং অফিসার ও ৩০ জন এজেন্ট দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে সাঈদ আহমেদ ফাহিম। সর্বাধিক ভোট পেয়েছে,দশম শ্রেণীর তামিম আহমেদ ও রাকিব হাসান। নির্বাচনে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন, প্রধান শিক্ষক সব্যসাচি দাশ চয়ন।