- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক ক্লোজ-কৌশলে গ্রাহকদের ২ কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ

বিশেষ প্রতিনিধি
তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লি.এর সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক ছিলেন। ব্যাংকের সুনামগঞ্জ শাখার শুরু থেকে (২৭ অক্টোবর ২০১৩ থেকে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত) প্রায় ৪ বছর দায়িত্বে ছিলেন। এই সময়কালে ব্যাংকের সুনামকে কাজে লাগিয়ে প্রায় ২ কোটি টাকা গ্রাহকের কাছ থেকে কৌশলে হাতিয়ে নেন এই ব্যাংক ব্যবস্থাপক। কারো কাছ থেকে ব্যবসায় অংশীদার হবার কথা বলে আবার কারো কাছ  থেকে হাওলাত হিসাবে এই টাকা হাতিয়ে নেন এই ব্যাংক ব্যবস্থাপক। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ জেনে তাকে পদ থেকে ক্লোজড করলেও প্রতারিত গ্রাহকরা এখনো টাকা পাননি। টাকার জন্য গ্রাহকদের অনেকে গণমাধ্যম কর্মীদেরও সহায়তা চাইছেন।
ব্যাংক কর্তৃপক্ষের কাছে দেওয়া গ্রাহকদের লিখিত অভিযোগসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংক লি. এর সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক ছিলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফিরোজপুরের জসিম উদ্দিন। ২০১৫ সাল থেকেই বিভিন্নভাবে অজুহাত দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে, বিশেষ করে তাহিরপুরের বড়ছড়া ও চারাগাঁও এলাকার কয়লা আমদানীকারকদের কাছ থেকে নানা প্রলোভন দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়া শুরু করেন তিনি। এক পর্যায়ে ১০-১২ জন গ্রাহকের প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেন জসিম উদ্দিন। টাকা নেবার ৬ মাস থেকে এক বছর পরও অনেকের টাকা কথামত ফেরৎ না দেওয়ায় দুশ্চিন্তায় পড়েন গ্রাহকরা। এক পর্যায়ে ব্যাংকের গ্রাহক ফয়েজ আহমদ নগদ ১৮ লাখ টাকা, জাহাঙ্গীর আলম ৫০ লাখ টাকা, ইউনুস আলী ৫ লাখ টাকা, আব্দুস সামাদ ৭ লাখ টাকা, রিপন মিয়া আড়াই লাখ টাকা, লিটন পালের নগদ ২৭ লাখ টাকা ব্যাংক ব্যবস্থাপক জসিম উদ্দিন হাওলাত নিয়ে ফেরৎ দিতে টাল-বাহনা করছেন বলে ব্যাংক কর্তৃপক্ষকে জানান। এই টাকার বিপরীতে তাদেরকে ব্যাংক ব্যবস্থাপক জসিম উদ্দিন চেক দিয়ে রেখেছেন বলেও জানান এরা।
অভিযোগ পেয়ে এই বছরের ২ ফেব্রুয়ারি    ব্যবস্থাপক জসিম উদ্দিনকে ক্লোজ করে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকের অডিট শাখার প্রধান মো. জসিম উদ্দিন এই বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে সুনামগঞ্জ শাখায় অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন। এসময় অভিযোগকারী এবং অডিট কর্তৃপক্ষের উপস্থিতিতেই ব্যাংক ব্যবস্থাপক জসিম উদ্দিন গ্রাহকদের অভিযোগের সত্যতা স্বীকার করেন।
ব্যাংক গ্রাহক তাহিরপুরের দক্ষিণকূল গ্রামের কয়লা আমদানী কারক জাহাঙ্গীর আলম বলেন,‘১ বছর কয়লা ব্যবসা বন্ধ ছিল। টাকা ব্যাংকে এফডিআর করেছিলাম। ব্যাংক ব্যবস্থাপক একই এলাকার বাসিন্দা হওয়ায় তাঁর সঙ্গে সখ্যতা ছিল। তিনি একদিন অনুরোধ করলেন-আমি এফডিআর থেকে বেশি পাইয়ে দেব, কিছু টাকা আমাকে দাও। তার অনুনয়-বিনয়ে একপর্যায়ে এফডিআর ভেঙে ৩০ লাখ টাকা তুলে দিলাম। এরপর তিনি আরেকবার বললেন, ঢাকায় ফ্ল্যাট কিনবেন। কয়লা ব্যবসা করবেন এবং আমাকে যুক্ত রাখবেন এসব কথা বলে আরও ২০ লাখ টাকা নেন এবং এর বিপরীতে ৫০ লাখ টাকার চেক আমাকে দেন। এখন আমরা টাকার জন্য ঘুরছি। ব্যাংকের অডিট কর্তৃপক্ষ আমাদের এবং ব্যাংক ব্যবস্থাপককে একসঙ্গে করে জিজ্ঞেস করেছিলেন, তিনি (ব্যাংক ব্যবস্থাপক) টাকা নেবার কথা স্বীকার করেছেন। আমরা সরলভাবে প্রতারণার স্বীকার, বিষয়টি এতোদিন কাউকে বলিনি আমরা। এখন নিরুপায় হয়ে বলা। টাকা ফেরৎ চাই আমরা।’
চারাগাঁওয়ের কয়লা আমদানীকারক আব্দুস সামাদ বলেন,‘ব্যাংক ব্যবস্থাপক জসিম উদ্দিনের সঙ্গে ভাল সম্পর্ক ছিল। তিনি ৭ লাখ টাকা এক সপ্তাহের জন্য হাওলাত চেয়েছিলেন। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে এই টাকা দিয়েছিলাম, এখনও দিচ্ছেন না। আমাকে চেক দিয়ে রেখেছেন, কিন্তু টাকা দেই-দিচ্ছি করে বার বার সময় নিচ্ছেন। পরে শুনেছি ঐ সময়েই আরো অনেকের কাছ থেকে টাকা হাওলাত নিয়েছেন তিনি।’
প্রতারিক একাধিক গ্রাহক জানান, তাদের জানামতে ২ কোটি টাকারও বেশি টাকা এভাবে হাতিয়ে নিয়েছেন এই ব্যাংক ব্যবস্থাপক।
ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন বলেন,‘আমি এই ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা ছিলাম। ব্যাংক ব্যবস্থাপক ছিলেন জসিম উদ্দিন। তিনি গ্রাহকদের কাছ থেকে যে- এভাবে টাকা নিয়েছেন, গ্রাহকরাও বলেননি। তিনিও জানাননি। অভিযোগ হবার পর এ বিষয়ে জেনেছি। আমাকে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি ব্যাংকের ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে। জসিম উদ্দিনকে প্রধান কার্যালয়ে ক্লোজ করা হয়েছে। ব্যাংকের অডিটে দেখা গেছে, ব্যাংক থেকে কোন টাকা তছরূপ হয়নি।’
অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন,‘২ কোটি নয়, সর্বমোট ১ কোটি ১৭ লাখ টাকা আমার ব্যক্তিগত ব্যবসার কাজে কয়েকজন গ্রাহকের কাছ থেকে হাওলাত নিয়েছি। আমি কয়লা, বালু-পাথরের ব্যবসায় জড়িয়ে ছিলাম। ব্যবসায় লোকসান হওয়ায় বিপাকে পড়েছি। যাদের কাছ থেকে হাওলাত নিয়েছি, তাদের কাছে আমি সময় চেয়েছি। ব্যাংকের বাইরে ব্যক্তিগত দায় এটি আমার। আমি ব্যক্তিগতভাবে এটি পরিশোধ করবো। আমাকে ব্যাংক কর্তৃপক্ষ ক্লোজ  করেছেন। আমি আমার সম্পদ বিক্রি করে ঈদের আগেই কিছু ঋণ পরিশোধ করার চেষ্টা করবো।’

  • [১]