আলাউর রহমান
গত ৩ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীতে সুনামগঞ্জ প্রসেনিমের পরিবেশনায় অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আয়োজন ‘আমার পরিচয়’। আয়োজিত অনুষ্ঠানে আমরা প্রসেনিয়াম পরিবারের সদস্যরা রবীন্দ্রনাথ, নজরুলসহ প্রখ্যাত কবিদের ১৬ টি কবিতা পাঠ করি। সুনামগঞ্জ প্রসেনিয়াম প্রধানত একটি নাটকের দল হলেও শিল্প সাহিত্যের বিভিন্ন শাখার প্রতি আগ্রহ থাকায় একান্ত ভালো লাগার জায়গা থেকে কবিতা সংগীতসহ শিল্পকলার অন্যান্য ক্ষেত্রে টুকটাক কাজ করে থাকি আমরা। এরই ধারাবাহিকতায় এই ভাষার মাসে কিছুটা ভিন্ন আঙ্গিকে আমাদের এই কবিতা পাঠের আয়োজন। উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিত সম্মানিত অতিথি এবং বোদ্ধা দর্শকদের কাছ থেকে আমরা যে প্রশংসা এবং উৎসাহ পেয়েছি তা আমাদেরকে এক কথায় অভিভূত করেছে। সম্মানিত অতিথিদের মধ্যে তেমনি এক গুণিজন কবি কুমার সৌরভ যিনি বরাবরের মতো নিজে উপস্থিত থেকে এবং দৈনিক সুনামগঞ্জের খবরের মাধ্যমে লিখে তার ভালো লাগার কথা জানান এবং সেই সাথে কবিতা কেন্দ্রিক একটি চমৎকার ধারণার কথা ব্যক্ত করেন। আমরা জানি জল-জোছনা অধ্যুষিত কবিতা ও গানের শহর হিসেবে সুনামগঞ্জের পরিচিতি সারাদেশে সুবিদিত। প্রখ্যাত অনেক কবি এবং সাহিত্যিকের জন্ম এই পূণ্যভূমিতে। শ্রদ্ধেয় কবি কুমার সৌরভ এই বিষয়টিকে মাথায় রেখে শহীদ কবি প্রজেশ কুমার রায় সহ স্থানীয় অন্যান্য কবিদের কবিতা নিয়ে প্রসেনিয়ামের উদ্যোগে একটি কবিতা পাঠের আয়োজন করা যায় কিনা সে ব্যপারে আমাদেরকে ভেবে দেখতে বলেছেন। সুচিন্তিত এই পরামর্শের প্রেক্ষিতে আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই এরকম একটি অনবদ্য আয়োজন যদি আমাদের দ্বারা সম্পাদিত হয় তাহলে আমরাও নিজেদেরকে ধন্য মনে করবো। ফলত স্থানীয় কবিদের কবিতা নিয়ে এধরনের কিছু করা যায় কিনা এনিয়ে আমরা এর আগেও চিন্তা ভাবনা করেছি। আমরা মনে করি এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য যেটুকু সময়, অনুশীলন, পরিকল্পনা ও পরিশ্রমের প্রয়োজন সেটুকু করতে পারলে এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে এধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করা আমাদের দ্বারা সম্ভব এবং আনন্দ চিত্তে এই কাজটি আমরা করতে চাই।
লেখক: সংগঠক, সুনামগঞ্জ প্রসেনিয়াম।