স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলায় আওয়ামী লীগের দুই পক্ষই আজ (রবিবার) শোকসভা করবে। তবে চিকারকান্দি বাজারে কেউ শোকসভা করতে পারবে না। স্থানীয় বাজার কমিটি ও বয়োজ্যেষ্ঠরা বাজারের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে রাত ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির উভয় পক্ষকে নিয়ে বসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির বলেন, ‘আমি একপক্ষকে পঞ্চগ্রামমুখী সড়কে এবং আরেক পক্ষকে পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চত্বরে সভা করার জন্য বলেছি।’
চিকারকান্দি বাজার কমিটির সেক্রেটারী ছালিক আহমদ বলেন, ‘আমরা উভয় পক্ষকে জানিয়ে দিয়েছি, বাজারে যেহেতু দুই পক্ষই সভা করতে চান।
কাউকেই সভা করতে দেওয়া হবে না।’
জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ একই সময়ে একই স্থানে শোকসভার আয়োজন করেছিল ইউনিয়ন আওয়ামী লীগের দুইপক্ষ।
রবিবার রাত ৯ টা পর্যন্ত দুই পক্ষই বলেছে তারা সভা করবে, তবে কোথায় করবে (রাত সোয়া ৯ টা পর্যন্ত) এটি সিদ্ধান্ত নেয়নি।