সরকারি ঘোষণা অনুসারে জাতিসংঘ ঘোষিত সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি ইতোমধ্যে অর্জিত হয়েছে। এখন চলছে এমডিজিকে স্থায়িত্বশীলতা দেয়ার লক্ষে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)। এসডিজির মূল উদ্দেশ্য হচ্ছে এমডিজির আওতায় যে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে সেগুলোকে স্থায়িত্ব দেয়া। এসব কেতাবি কথাবার্তা বাস্তবে কতটুকু প্রযুক্ত হচ্ছে এ নিয়ে আমাদের মতো সাধারণ জনতার মনে যথেষ্ট প্রশ্ন রয়েছে। চারপাশে উন্নয়নচিত্র বিশ্লেষণ করলে বরং আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে আমরা ক্ষণস্থায়ী উন্নয়নের দিকে হাঁটছি। দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষে আমাদের মনোযোগ কম। গতকাল তাহিরপুর উপজেলার পাটলাই নদীর নাব্যতা সংকট এবং এই সংকটকে অপচক্র কৃত্রিম উপায়ে আরও প্রকট করে চাঁদাবাজি করার উপর যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটিকে এসডিজির আওতায় সমাধান করতে হলে নদী খনন ভিন্ন আর কোন পথ নেই। নদী খনন এবং নিয়মিত পরিচর্যা ভিন্ন নদীপথের নাব্যতা সংকট দূর হওয়া সম্ভব নয়। পুরো সুনামগঞ্জ জুরেই বিভিন্ন স্পটে এরকম অনেক নদী খননের প্রয়োজনীয়তা সম্পর্কে গণমাধ্যমসূত্রে আমরা অবহিত আছি। মাত্রই শুরু হবে জামালগঞ্জের মরণফাঁদ নামে পরিচিত কানাইখালি নদী খনন কাজ। এই নদী খনন না করায় বৃহত্তর পাগনার হাওরের শত শত একর বোরো জমি দীর্ঘ এক যুগের অধিককাল ধরে চাষাবাদের বাইরে ছিলো। যে বছরগুলো এই হাওরে বোরো ধান চাষ করা সম্ভব হয় নি তার আর্থিক মূল্যমান হিসেব করলে যে বিশাল অংক দাঁড়াবে তা দিয়ে অনায়াসে নদী খননের কাজটি হয়ে যাবে। তাহিরপুরের সুলেমানপুরে পাটলাই নদীতে নাব্যতা সংকটের সুযোগ নিয়ে চাঁদাবাজচক্র প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তা দিয়ে অনায়াসে পাটলাই নদী খনন হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো কেন আমাদের নীতি নির্ধারকরা নদী খননের মতো একটি মৌলিক ও অপরিহার্য কাজের প্রতি উৎসাহ দেখান না? আমরা যখন এসডিজি বলে সেমিনারে সিম্পোজিয়ামে অহরহ কথামালা বলে যাচ্ছি সেটিকে মুখের কথার বাইরে নিয়ে গিয়ে কাজে পরিণত করার সময় এখন।
ধর্মপাশার শয়তানখালি বাঁধ দিয়ে হাওরে পানি ঢুকার একটি উদ্বেগজনক খবর বেরিয়েছে গতকালই সুনামগঞ্জের খবরে। যেখানে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সকল বাঁধের কাজ শেষ হয়ে পড়ার কথা সেখানে এই বাঁধে কোন মাটিই ফেলা হয় নি গত বৃহস্পতিবার পর্যন্ত। অথচ এই কাজে সরকারি বরাদ্দের পরিমাণ ১৪ লাখ ৯৫ হাজার টাকা। এই মৌসুমে জেলার বিভিন্ন হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম-গড়িমসি এবং দীর্ঘসূত্রিতা নিয়ে একাধিক সংবাদ প্রকাশ হতে দেখা গেছে। অর্থাৎ বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণ কাজে পাউবোর অতীতের সীমাহীন দুর্নীতির বিষয়টি এবারও সমানভাবে ক্রিয়াশীল রয়েছে। আসলে আমরা কথাগুলো কার কাছে বলছি সেটি বুঝাই দুস্কর হয়ে উঠেছে। হাওরে বছর বছর অস্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে টাকার শ্রাদ্ধ বন্ধ করে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য বিভিন্ন মহল থেকে বারবার দাবি তুলা হলেও কর্ণপাত করছেন না দায়িত্বশীলরা। সুতরাং এসডিজি অর্জন করাটা কতটুকু দুরূহ তা বুঝতে কি বিশেষজ্ঞ হতে হবে ?
আসলে বলা হয়ে থাকে আমরা এখন একটি লুটেরা সংস্কৃতির কৃষ্ণকাল অতিক্রম করছি। এখানে যে সুযোগ পায় সেই পকেট ভারি করতে ওস্তাদ বনে যায় নির্দ্ধিধায়। স্থায়িত্বশীল উন্নয়নের পথে হাঁটলে লুটপাটের নিয়মিত পথটি বন্ধ হয়ে যেতে পারে এই আশঙ্কায় কেউ স্থায়ী সমাধানের পথ খুঁজে না, এমনটিই অভিমত অনেকের। আমরা কি কাল নিরবধি এমন একটি অবস্থার মধ্যেই থাকব? প্রশ্নটি গণমাধ্যমের নয় বরং জনমনের প্রশ্নটিই সংগতভাবে গণমাধ্যমে উঠে আসল।