এনামুল হক জুবের
‘আদর্শকে ধারণ করি, স্বপ্নকে সত্যি করি ও মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নাদর্শ। এটাই ছিল সংগঠনটির শিক্ষা ক্ষেত্রে উৎসাহ প্রদানমূলক প্রথম কর্মসূচি। কৃষি প্রযুক্তির স্বরূপ তুলে ধরা, অধিকার ও আইন বিষয়ে ধারণা প্রদান, পরিবেশ রক্ষামূলক কর্মকাণ্ড, দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সুন্দর আগামীর স্বপ্নকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি।
শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন, হাছনরাজা ট্রাস্ট্রের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্বপ্নাদর্শের সাধারণ সম্পাদক তালহা মো. হোসাইন এবং পরিচালনা করেন সংগঠনের সদস্য আশহার ইন্তেজাম তাহবির ও নায়রা তান নাঈম।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।