- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বর্ণকার মালিক সমিতির ধর্মঘট

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ী এলাকার একটি  স্বর্ণের দোকানের  মালিকের উপর হামলা ও দোকানের নগদ ৪০ হাজার টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সন্ধা ৬ টায় শহরের কালীবাড়ী ছৈলা হাউজের দ্বিতীয়তলায় অর্পিতা বুলিয়ান স্টোর নামে এই স্বর্ণের দোকানে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।
দোকান মালিক নিশি কান্ত হালদার জানান, শহরের নতুনপাড়ার তায়েফ নামে এক যুবক অর্পিতা বুলিয়ান স্টোরে ঢুকে দোকানের কর্মচারী শুভ (২০) এর উপর আকস্মিক আক্রমণ করে। এসময় দোকানের ক্যাশে থাকা নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। নিচতলায় জয়কালী পালিশ হাউজে থাকা অর্পিতা বুলিয়ান স্টোরের মালিক নিশি কান্ত হালদারকে এলোপাতাড়ি আঘাত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় তায়েফ। এই ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জ র্স্বণাকার মালিক সমিতি হামলা ও টাকা লুটকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে তাৎক্ষণিকভাবে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডেকেছে।
অভিযুক্ত তায়েফ নামের এই যুবককে ২৪ ঘণ্টার
মধ্যে গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে বলে জানিয়েছেন স্বর্ণকার মালিক সমিতির সাধারণ সম্পাদক ব্রজ গোপাল বণিক।
অর্পিতা বুলিয়ান স্টোরের মালিক নিশি কান্ত হালদার বলেন, ‘আমি নিচে জয়কালী পালিশ হাউজে গল্প করছিলাম। হঠাৎ তায়েফ নামে এই যুবক এসে আমার নাকে মুখে ঘুষি দিয়ে দ্রুত পালিয়ে যায়। উপরে থাকা আমার দোকানের কর্মচারীদের চিৎকারে গিয়ে দেখি দোকানের গুরুত্বপূর্ণ জিনিস ভাংচুর করে ক্যাশে থাকা ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে সে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জয়কালী পালিশ হাউজের মালিক দীপক ঘোষ বলেন, ‘নিশিকান্ত আমার দোকানে বসা ছিল। তায়েফ নামের ওই যুবক হঠাৎ এসে নিশিকে মারধর করে দ্রুত পালিয়ে যায়। এসময় তার হাতে কিছু টাকাও ছিল। পরে উপরে উঠে দেখি নিশির দোকান লুট হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে এসেছে। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]