স্টাফ রিপোর্টার
শহরের কালীবাড়ী রোডে স্বর্ণের দোকানে অতর্কিত হামলা, লুটপাট ও দোকান মালিককে মারধরের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এই ঘটনার প্রতিবাদে আজ শহরের সকল স্বর্ণের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
কাউন্সিলর চঞ্চল কুমার লৌহের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- স্বর্ণকার মালিক সমিতি’র সভাপতি নারায়ন চন্দ্র বণিক, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলার গোলাম সাবেরীন সাবু, ব্যবসায়ি সমিতির সদস্য জাহিদ হাসান, জেলা জাতীয় পার্টির নেতা গোলাম হোসেন, ব্যবসায়ি বিমল বণিক, চন্দন প্রসাদ রায়, শংকর বণিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা স্বর্ণের দোকানে হামলা ও লুটের নিন্দা ও প্রতিবাদ জানান। হামলাকারীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা। হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচী’র হুঁশিয়ারী দেন সুনামগঞ্জ স্বর্ণকার মালিক সমিতির নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান ও পৌর মেয়র আয়ূব বখত জগলুল’এর কাছে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।
রোববার সন্ধ্যায় শহরের কালীবাড়ী অর্পিতা বুলিয়ান স্টোর নামের একটি স্বর্ণের দোকানে হামলা ও দোকানের ৪০ হাজার টাকা লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই স্বর্ণের দোকানের মালিক- নিশি কান্ত হালদার বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় শহরের নতুনপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে তায়েফ আহমদকে আসামী করে মামলা করেছেন।
সন্ধ্যায় স্বর্ণকার মালিক সমিতির সাধারণ সম্পাদক ব্রজগোপাল বণিক জানিয়েছেন, পৌর মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে তারা অনির্দিষ্ট কালের ধর্মঘট প্রত্যাহার করেছেন।
সদর থানার ওসি মো. শহীদুল্লা জানান, স্বর্ণের দোকানে হামলার ঘটনায় তায়েফ আহমেদকে আসামী করে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামীকে গ্রেপ্তারের চেষ্টা করছে।