- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বস্তিতে নেই দ. সুনামগঞ্জ বিএনপি

ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে বিএনপির রাজনীতিতে মোটেও স্বস্তি নেই। সামনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতার প্রশ্নে তাদের মাঝে অস্বস্তি বিরাজ করছে।
দলীয় নেতাকর্মীদের দীর্র্ঘদিনের দাবি আগামী নির্বাচনে যেন ধানের শীষ প্রতীকে দলীয় কর্মীকে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচনের বেশি দিন বাকী না থাকলেও সুনামগঞ্জ-৩ সংসদীয় আসনে দলীয়  প্রার্থীই মননোয়ন দেওয়া হবে এমন কোনো ‘গ্রিনসিগনাল’ নেতাকর্মীদের দেওয়া হয়নি     
 এখনও।
তবে একাধিক প্রবাসী বিএনপি নেতা এ আসনে মনোনয়ন প্রত্যাশী হয়ে ব্যানার-ফেস্টুন টানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকায়।
কারা পাবেন নির্বাচনী মনোনয়ন এমন দোলাচলে দোলছেন এ উপজেলার নেতা ও সাধারণ কর্মীরা। তাই তাদের মাঝে একধরনের অস্বস্তি বিরাজ করছে। একধরনের নীরব অবস্থায়ও সময় কাটাচ্ছেন দলের নেতাকর্মীরা। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মচাঞ্চল্যও দেখা যাচ্ছে না তাদের মাঝে।
নীরবতা প্রশ্নে বিএনপির সাধারণ কর্মীরা বলেন,‘আমরা কার পক্ষে কাজ করব? সম্ভাব্য ধানের শীষের র্প্রাথীই বা কে? ধানের শীষের পক্ষ ছাড়া তো অন্য কারো পক্ষে আমরা কাজ করতে পারব না। আমরা অনেক ছাড় দিয়েছি। শরিক দল বলে বলে অনেকবার আমরা এ আসন হারিয়েছি। আর হারাতে চাই না। অনেকদিন ধরে বেগম জিয়া ও কেন্দ্রীয় নেতাদের কাছে এ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য দাবি করে আসছি। এবার যদি এর ব্যত্যয় ঘটে তবে দক্ষিণ সুনামগঞ্জে ধানের শীষ বলার লোক থাকবে কি না তাও সন্দেহ আছে। তাছাড়া যদি শরিক দলগুলো নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করতে হয় তাহলে তো তাদের মনোনয়ন দেওয়াই হবে বোকামি।
বিএনপি সূত্রে জানা যায়, আগামী সংসদ নির্বাচনে ভোটে আসবে বিএনপি। তবে এখনো কেন্দ্রীয় কোনো ঘোষণা আসেনি তাদের কাছে। আর উপজেলা বিএনপিতে যদিও আপাত দৃষ্টিতে কোনো বড় কোন্দল নেই, তবে নেতাকর্মীর একটা অংশ রয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদের সঙ্গে। অন্য অংশের নেতাকর্মীরা রয়েছেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিনের সাথে।
দলের নেতাকর্মীদের দাবি, আগামী নির্বাচনে যদি দলীয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে কর্মীদের মাঝে হতাশা চলে আসবে। অনেকে বিএনপির রাজনীতি থেকে দূরে সরে যাবেন বা দল পাল্টাবেন। কর্মীরা ভাবতে পারেন-এ আসনে বিএনপির কোনো রাজনীতি নেই। নেতাদের উপর থেকে কর্মীরা আস্থা হারাবে। আর এসব ভাবনাতেই কর্মী ও নেতারা মোটেও স্বস্তিতে নেই।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন বিএনপির কার্যক্রম গতিশীলভাবেই চলছে জানিয়ে বলেন, ‘আমি চাই এই আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। দলকে সংগঠিত করছি। আমি নিজেও প্রার্থীতা চাইব। দলের কার্যক্রম ধীর গতিতে চলছে না। তবে, দল যে সিদ্ধান্ত নেবে দলের সিদ্ধান্তের বাইরে যাব না।’
 দলীয় বিভক্তি প্রসঙ্গে আনছার উদ্দিন বলেন,‘জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে একটা উদ্যোগ নিয়েছিলেন। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ বলেন,‘ প্রার্থীতার প্রশ্নে নেতা কর্মীরা দোলাচলে আছেন। আমাদের দীর্ঘদিনের দাবি এ আসনে যেনো দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। তাহলে আমিও প্রার্থীতা চাইব এবং আশা করি ভাল একটা ফলও পাবো। দলীয় প্রার্থীতার বিষয়টি যদি এখনই পরিষ্কার করা না হয় তাহলে স্থানীয় কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং হচ্ছেও। অবিলম্বে এটা পরিষ্কার করা দরকার।’ ঐক্য প্রসঙ্গে ফারুক আহমদ বলেন, ‘এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবেন তা মানব আমরা। আমি চাই সবাই এক সাথে থাকতে।’

  • [১]