- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বস্তির বৃষ্টিতে শিলায় অস্বস্তি

স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন পর গতকাল মঙ্গলবাা রাতে কাঙ্ক্ষিত বৃষ্টি হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরে। কিন্তু বৃষ্টির সাথে শিলা পড়েছে । এ কারণে কৃষক পরিবারে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তবে উপজেলা কৃষি কার্যালয় জানায় বহু কাঙ্ক্ষিত এ বৃষ্টির সাথে সামান্য শিলা পড়েছে । এতে হাওরে উৎপাদিত ধানের ক্ষতি হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই ।
জানা যায়, তাহিরপুর উপজেলার ২৩ টি হাওরে এ বছর ১৭৯৮০ হেক্টর জমিতে এক ফসলী বোরো ধানের চাষ হয়েছে । পাঁচ থেকে দশ বর্গকিলোমিটার বিস্তৃত এ সকল হাওরের যে দিকে তাকানো যায় চোখে পড়ে সবুজ ধানের মাঠ। বাতাসে দোল খেলানো সেই ধানের গাছ অপূর্ব এক দৃশ্যের সৃষ্টি করেছে। কিন্তু এ সব ধানের জমিতে কোন সেচ সুবিধা নেই। তাই এ বছর দীর্ঘ দিন ধরে বৃষ্টিপাত না হওয়াতে হাওরের জমি খড়ার কবলে পড়ে ধান উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। গতকাল বৃষ্টি হওয়ার কারণে জমিতে ধানের উৎপাদন বেড়ে যাবে বলে ধারণা করছে কৃষি কার্যালয়। এতে করে হাওরপাড়ের কৃষক পরিবারে স্বস্তি ফিরে এসেছে । তবে মৌসুমের প্রথমেই বৃষ্টির সাথে শিলা পড়ার কারণে অস্বস্তিও দেখা দিয়েছে। শনির হাওরপাড়ের মধ্য তাহিরপুর গ্রামের কৃষক নিয়ামুল হোসেন বলেন, বৃষ্টির কারণে খুশি হয়েছিলাম । কিন্তু কয়েক মিনিটের শিলাবৃষ্টি ভয় পাইয়ে দিয়েছে । তাছাড়া বছরের প্রথমেই যদি এমন হয় তবে বাকী দিন কি হবে সে ভয়ও পাচ্ছি ।
তাহিরপুর উপজেলা কৃষি কার্যালয়ের সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আজকের বৃষ্টিতে ফসলের উৎপাদন বড়ে যাবে । আশা করছি এ শিলাবৃষ্টিতে ফসলের কোনরূপ ক্ষতি হবেনা। কাল ( আজ বুধবার) সরেজমিনে জমিতে ধানের অবস্থা দেখতে যাবো ।

  • [১]