- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাগত ১৪২৩ নতুন বছর সকলের জন্য শুভ হোক

কালের পরিক্রমায় আরেকটি বছরের অবসান ঘটিয়ে নতুন বছরের রাঙাসূর্য আলোকিত করল আকাশকে। ১৪২২ বাংলা সন গত হয়ে ১৪২৩ সন শুরুর শুভ মুহূর্ত সকলের মনে জানান দিয়ে গেল, এসেছে নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে। পুরাতনকে ঝেড়ে ফেলে আশার দিগন্ত সন্ধানের জন্য সকলকে শপথ নেয়ার আহ্বান জানাচ্ছে আজকের সূর্যোদয়। এমন এক শুভদিনে আমরা সকলকে জানাই বাংলা নববের্ষর শুভেচ্ছা।
যে বছরটি চিরতরে হারিয়ে গেল কালের গহ্বরে সে বছরটি বাঙালি জীবনে ছিল অনেক তাৎপর্যমণ্ডিত। মোটামোটি বড় ধরনের কোন জাতীয় দুর্যোগ ছাড়াই একটি বছর কাটানো গেল, নাগরিকবৃন্দ এজন্য আনন্দিত। তাঁদের আশা, শুরু হওয়া নতুন বছরসহ অনাগত প্রতিটি বছর এইরকম নিরুদ্বিগ্ন পরিবেশে কাটুক। সময়ের অন্তহীন পথচলাকে কোন দিন-মাস-সন দিয়ে বিভক্ত করা যদিও সংগত নয় তারপরেও মানুষ যখন হিসাব মিলাতে বসে, প্রাপ্তি-অপ্রাপ্তির খাতা মিলায়, একটি নির্দিষ্ট সময়সীমা তখন চলে আসেই। সুতরাং যাপিত জীবনের সাথে জড়িয়ে থাকা একটি সন যখন শেষ হয় তখন মানুষ ভাবালুতার আশ্রয় নিবে, এটি স্বভাবজাত বৈশিষ্ট্য। ব্যক্তি থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র প্রতিটি স্তরে এটি চলমান থাকে। এই হিসাব মিলানো হয়ে গেছে গতকাল। আজ আর পিছনে ফিরে তাকানো নয়। আজ কেবলই সামনে তাকানো। পিছনের অন্ধকার হতাশা কাটিয়ে আলোকস্নাত আগামীর আবাহন। জয় হোক এই আবাহনের।
বাংলা বর্ষবরণ এখন বাঙালি জাতির নিজস্ব সংস্কৃতির অবয়বে গর্বিত। মুঘল সম্রাট আকবর (মতান্তর থাকবেই ইতিহাসের তথ্য নিয়ে) যে কারণেই বাংলা সনের উদ্ভব ঘটান না কেন, প্রায় অর্ধ সহস্র বছরের ব্যবধানে আজ সেটি জন্মকালীন বৈশিষ্ট্য হারিয়ে আটপৌড়ে বাঙালি থেকে শুরু করে শহুরে মধ্যবিত্ত পর্যন্ত সকলের জীবনে অন্যরকম ব্যঞ্জনা নিয়ে প্রকাশিত হয়েছে। এই দিনে গ্রামে যেমন মেলা বসে তেমনি শহরের কোন বটতলা-বকুলতলাও সজ্জ্বিত নর-নারীর মিলনমেলায় পরিণত হয়। উৎপাদনপ্রক্রিয়ার ভিতর থাকা আমজনতা নিজেদের কঠোর শ্রমসাধ্য কাজের ফাঁকেও বর্ষবরণের আনন্দে উদ্বেলিত হন। আর মূল উৎপাদনখাত থেকে বিযুক্ত পরশ্রমনির্ভর মধ্যবিত্ত গোষ্ঠী তো স্বভাবজাত সৃজনশীলতার মধ্য দিয়ে যেকোন উপলক্ষকে বিশেষভাবে সাজিয়ে নিতে বরাবরই পারঙ্গম। এই পারঙ্গমতার কারণেই আজ পান্তা ভাতের সাথে ইলিশ ভাজির মতো এক বৈসাদৃশ্য বিষয়ও আদরণীয় হয়ে উঠে। তবে সবকিছু ছাপিয়ে বাঙালিকে এক পরিচয়ে আবদ্ধ করার দিন পহেলা বৈশাখ, এ নিয়ে মতভিন্নতার বিন্দুমাত্র কারণ নেই। জাতিকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংহত ও ঐক্যবদ্ধ থাকতে হয়। আর জাতীয় একতার প্রতীক ছাড়া সেটি সম্ভব নয়। পহেলা বৈশাখ সেরকম জাতীয় সংহতির অনুপম প্রতীক। এই প্রতীক নিয়ে আমাদের চেতনা ও উন্নয়নকে গতিশীল করতে হবে প্রতিনিয়ত। বিভক্তি বিভেদ মানবসভ্যতাকে অসংখ্যবার আক্রমণ করে বিধ্বস্থ করেছে। বিভক্তি ও বিভেদের ফাঁক দিয়ে তৈরি হয় উন্মত্ত হিংস্রতা। হিংসার দাবানলে পুড়ে খাক হয় সৃষ্টির সবচাইতে বুদ্ধিমান জীব বলে বিবেচিত মানবকূল। এই হিংস্রতাকে চিরতরে মাটিচাপা দিতে চাই একতা। যে একতা শুধু জাতিগত পরিচয় ছাপিয়ে বিশ্ব মানবতার জয়পতাকাকে উর্দ্ধে তুলে ধরবে চিরকাল। জয় হোক মানবতার। জয় হোক বিশ্ব ভ্রাতৃত্ববোধের।

  • [১]