স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলা পরিষদ ভবন থেকে স্বাধীনতা বিরোধী লাল মিয়ার নামফলক মুছে ফেলার দাবি জানিয়ে আবেদন করেছেন উপজেলা উদীচী’র সভাপতি আকবর হোসেন। বুধবার জামালগঞ্জ
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি এই আবেদন করেন।
লিখিত আবেদনে আকবর হোসেন বলেন,‘১৯৭১ সালে আবুল মনসুর আহমদ ওরফে লাল মিয়ার নেতৃত্বে জামালগঞ্জে শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনী গড়ে ওঠে। লাল মিয়ার নেতৃত্বে জামালগঞ্জে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন চালানো হয়েছিল।
জামালগঞ্জের মুক্তিপাগল দামাল ছেলেরা প্রথম দফায় পাকিস্তানী ও এদেশীয় রাজাকারদের বিতাড়িত করে জামালগঞ্জকে শত্রুমুক্ত করে। এর কিছুদিন যেতে না যেতেই লাল মিয়া আবারও পাকিস্তানী বাহিনী দিয়ে জামালগঞ্জকে দখল করে নেয়। দ্বিতীয়বার দখলের পর থেকে আবুল মনসুর আহমদ লাল মিয়ার নেতৃত্বে চলে পূর্বের চেয়ে বেশি হত্যা, ধর্ষণ এবং অগ্নিসংযোগের ঘটনা।
আবেদনে উল্লেখ করা হয়-‘১৯৮৬ সালে জামালগঞ্জের উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবার পর ১৯৯০ সালে জামালগঞ্জ উপজেলা পরিষদের ভবন সম্প্রসারিত হলে ভিত্তিপ্রস্তরে তার নামে একটি নামফলক লাগানো হয়। বিষয়টি স্বাধীন বাঙালি জাতির জন্য কলংকের, লজ্জার ও ঘৃণার। উপজেলা পরিষদের ভবনে উঠতে নামতে সিঁড়ির বাম পাশে লাল মিয়ার নাম দেখে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন, ‘এ ধরণের একটি আবেদন পেয়েছি,বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’