- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বামীর হাতে স্ত্রী খুন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। নিহতের নাম রিপা বেগম (৩০)।
রবিবার দুপুরে পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘাতক স্বামী আব্দুল হামিদ মিল্টন (৪২) কে আটক করেছে র‌্যাব। মিল্টন সদর উপজেলার মঈনপুর গ্রামের লেম্বু মিয়া ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ দিন আগে স্বামী আব্দুল হামিদের সাথে ঝগড়া করে মঈনপুর গ্রাম থেকে সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় ভাড়া বাসা নিয়ে মঙ্গলকাটা গ্রামের গুলজার আহমদ নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে বসবাস করতে থাকেন স্ত্রী রিপা। সেই খবর পেয়ে রবিবার দুপুরে পশ্চিম তেঘরিয়া আসে মিল্টন। এখানে প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ঘরে থাকা দা দিয়ে রাগের মাথায় স্বামী মিল্টন স্ত্রীর মাথায় আঘাত করলে চিৎকার দিয়ে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দরজা খুলতে বললে মিল্টন দরজা খুলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বাসার মালিক ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনাটি বললে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্বার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। ওখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রিপার মেয়ে ফাহমিদা জাহান বলেন, আমি পাশের ঘরে টিভি দেখছিলাম। আমার বাবা এসে ঘরের দরজা লাগিয়ে মায়ের সাথে কথা বলতে থাকে। পরে মায়ের চিৎকার শুনে আমরা সবাই দৌঁড়ে যাই। পরে বাবা দরজা খুলে দৌড়ে পালিয়ে যায় এবং মা মাটিতে পড়ে থাকে।
বাসার মালিক আরিফুর রহমান বলেন, ১৫ দিন আগে রিপা বেগম বাসা ভাড়া নেন। তিনি জানান উনার স্বামী গুলজার আহমদ ও এক মেয়েকে নিয়ে থাকবেন। সেই অনুযায়ী আমরা তাদের বাসা ভাড়া দেই। আজকে তার স্বামী এসে তাকে দা দিয়ে আঘাত করে চলে যায়। পরে আমি ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানাই
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়নাল আবেদীন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। ঘাতক স্বামীকে আটক করেছে র‌্যাব।

  • [১]