- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে ৮ শর্তে দোকানপাট খোলার সিদ্ধান্তের কথা জানানো হয়। শর্তসমূহ হলো-
হাট বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে।
দোকানপাট ও শপিংমলের মালিক, দোকানদার, বিক্রেতা এবং কর্মচারীদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক
দোকান ও শপিংমলে ক্রেতাদেরকেও মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক পরিধান ব্যতীত কোন ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবেন না। যে সকল ক্রেতা মাস্ক ব্যবহার করবেন না তাদের কাছে কোন পণ্য বিক্রয় করা যাবে না।
প্রতিটি শপিং মলে প্রবেশের ক্ষেত্রে হাত ধোয়ার ব্যবস্থা সহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
ফুটপাত বা প্রকাশ্য স্থানে হকার, ফেরিওয়ালা বা অস্থায়ী দোকানপাট বসতে পারবে না।
পণ্য ক্রয় বিক্রয়কালে পারস্পরিক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
প্রতিটি শপিংমল বা বিপণী বিতানের সামনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত ব্যানার টানাতে হবে এবং ক্রেতাদের দাঁড়ানোর জন্য নিরাপদ সংকেত সম্বলিত গোল চিহ্নিত স্থান নির্ধারন করতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

  • [১]