- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাস্থ্য কমপ্লেক্সে বসে রোগী দেখা, ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসে রোগী দেখে ৩০০ টাকা ফি আদায়ের অভিযোগে ডা. নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছেন সিভিল সার্জন। ডা. নিলুফার ইয়াসমিন বলেন, আমি তাহিরপুর আসার পর
থেকে এ পর্যন্ত হাসপাতালে বসে কোন রোগীর কাছ থেকে কোন প্রকার ফি নেইনি। আমি এখানে এসে অনেক অনিয়ম লক্ষ করেছি। আমি চেয়েছিলাম এই অনিয়মগুলিকে নিয়মের ভিতরে এনে এখানকার স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবা দিতে। কিন্তু একটি কুচক্রি মহল আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার কাজকে বাধাগ্রস্ত করতেই এই বিষয়টি নিয়ে একটি অপপ্রচার চালিয়ে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভ্রান্ত করছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন বলেন, আমি গত কয়েকদিন ধরে বাইরে আছি। বিষয়টি শুনে আমি ডা. নিলুফাকে সর্তক করে বলেছি এরপর যদি তার বিরুদ্ধে হাসপাতালের ভিতরে কোন প্রাইভেট রোগী দেখে ফি নেয়ার অভিযোগ পাওয়া যায়, তাহলে আমি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আশরাফুল হককে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে তাদেরকে তদন্ত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

  • [১]