- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডের মাধ্যমে বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও বাংলাদেশ হেলথ্ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে শহরের ষোলঘর এলাকায় একটি রেস্টুরেণ্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন থেকে স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে আসলেও তা বাস্তবায়ন না হওয়ায় পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন তাঁরা। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বরে ঢাকার পল্টন ময়দানে স্বাস্থ্য সহকারীদের মহাসম্মেলনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সহকারীদের  টেকনিক্যাল পদমর্যাদা করার ঘোষণা দিয়েছিলেন। এরপরও এটার বাস্তবায়ন হচ্ছে না। তাই আগামী ৩১ মার্চের মধ্যে তাঁদের দাবির বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা চান তাঁরা। স্বাস্থ্য সহকারীদের ইন-সার্ভিস ডিপোমা কোর্স চালু এবং বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে ১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ্ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মো. শহীদুল কবীর চৌধুরী সোহাগ, সাধারণ সম্পাদক মো. মুজাহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক অশোক দাস, যুগ্মসাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম দিলশাদ, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব ভৌমিক।

  • [১]