ধর্মপাশা প্রতিনিধি
এবারই প্রথম ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। আর সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ সমর্থকদের মধ্যে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। গত বছরের ১৮ জানুয়ারি ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা না করার অভিযোগে এনে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত করেছিল জেলা কমিটি। এ বিষয়টি নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুকে একটি পোষ্টও করেছিলেন। তখন থেকে ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কোনো কমিটি নেই। তাই ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের লক্ষে শাহ আব্দুল বারেক ছোটনকে আহ্বায়ক ও তরিকুল ইসলাম পলাশকে সদস্য সচিব করে গত ২ মার্চ ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দেয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। এর আগে গত বছরের ২৫ নভেম্বর ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগসহ শাল্লা ও মধ্যনগর থানা আহ্বায়ক কমিটি গঠনের জন্য পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করে জেলা কমিটি। এ আহ্বানে সাড়া দিয়ে যারা যারা জীবনবৃত্তান্ত জেলা কমিটির কাছে জমা দিয়েছে তাদের থেকে বাছাই করে সম্মেলন প্রস্তুত কমিটি দেওয়া হয়েছে।
এদিকে সম্মেলনকে সফল করতে উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটি জেলা ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে একাধিকবার প্রস্তুতি সভা সম্পন্ন করেছে। জেলা কমিটির নির্দেশ মোতাবেক ইতোমধ্যে ধর্মপাশা থানার ছয়টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সম্মেলন প্রস্তুত কমিটি। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার ঝড় তুললেও জেলা নেতৃবৃন্দ বলছেন, কেন্দ্রীয় কমিটির পরামর্শে গঠনতন্ত্র মেনেই সম্মেলন সফল করতে সম্মেলন প্রস্তুত কমিটির মাধ্যমে ইউনিয়ন কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়েছে। সম্মেলনেক সফল করতে উপজেলাসহ ছয়টি ইউনিয়নের নেতাকর্মীরা উৎসবমূখর পরিবেশে কাজ করে যাচ্ছেন।
সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য পার্থ প্রতিম সিংহ বলেন, ‘দীর্ঘদিন পর সম্মেলনের মাধ্যমে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত হবে এটি ভেবেই আমাদের মনে এক ধরনের আনন্দ অনুভব করছি। বিষয়ট নিয়ে আমরা অত্যন্ত উচ্ছসিত। নতুন করে যারা কমিটিতে আসতে চাইছেন তাদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে।’
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ বলেন, ‘জেলা কমিটির নির্দেশ মোতাবেক একটি সফল সম্মেলনের লক্ষে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। জেলা কমিটির নির্দেশে আমরা ইতোমধ্যে ধর্মপাশা থানার ছয়টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করেছি। আশা করছি নির্ধারিত দিনে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও দিক নির্দেশনায় একটি সুন্দর এবং পরিচ্ছন্ন কমিটি উপহার দিতে পারবো।’
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী বলেন, ‘গত বছরের ১৮ জানুয়ারি ধর্মপাশা ও শাল্লা উপজেলা এবং মধ্যনগর থানা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছিল। গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে যে, সম্মেলনের স্বার্থে একটি নির্ধারিত তারিখ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা যায়। এ আহ্বায়ক কমিটিগুলো সামিয়ক। সম্মেলনকে সফল করার জন্য সম্মেলন প্রস্তুত কমিটি দেওয়া হয়েছে। যারা এটা নিয়ে এখন নাড়াছাড়া করছে ওদেরকে নিয়ে আমি সুনামগঞ্জে বসেছি। বসার পরে বলেছি, আমি দুই মাস আগে জীবনবৃত্তান্ত আহ্বান করেছি। যাদের যাদের সংগঠন করার ইচ্ছা তারা জীবনবৃত্তান্ত জমা দিয়েছে। যারা জীবনবৃত্তান্ত জমা দিয়েছে তাদের থেকে ৩১ জন বাছাই করে সম্মেলন প্রস্তুত কমিটি দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি হবে ১০১ সদস্য বিশিষ্ট। এতে অনেককেই সংযুক্ত করার সুযোগ রয়েছে। যারা বিক্ষোভ মিছিল করছে তাদের সাথে আমার যোগাযোগ আছে। রাস্তায় বিক্ষোভ মিছিল করেতো সংগঠন করা যায় না।’