সু.খবর ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের সদ্যবিদায়ী গভর্নর আতিউর রহমান বলেছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। রাজধানীর গুলশানের বাসায় বিকালে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।
আতিউর রহমান বলেন, তিনি তাঁর বিবেক, দেশপ্রেম ও সাধারণ মানুষের প্রতি আনুগত্য নিয়ে বাংলাদেশ ব্যাংক পরিচালনা করেছেন। এটি তাঁর সন্তানের মতো। তিনি বলেন, এখানে কাজ করার সময় অনেক চ্যালেঞ্জ এসেছে, তবে সেগুলোকে সুযোগ হিসেবে কাজে লাগানো হয়েছে। বাংলাদেশের অর্থনীতি এখন অনেক স্থিতিশীল।
আতিউর রহমান বলেন, তিনি যখন দায়িত্ব নেন তখন রিজার্ভ ছিল ছয় বিলিয়ন। আর এখন সেই রিজার্ভ ২৮ বিলিয়নের ওপর।
দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতার জন্য আতিউর রহমান বারবার কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পদত্যাগপত্র নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলে তিনি মর্মাহত হন। তারপর প্রধানমন্ত্রী বলেন, তিনি সৎ সাহসের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আলাপকালে এই অর্থনীতিবিদ বলেন, গভর্নরের দায়িত্ব পালনকালে তিনি পুরোপুরি সফল হয়েছেন, এমন নয়। তবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে এখন অনেকেই মডেল হিসেবে দেখে।
সাইবার হামলার বিষয়ে প্রথম দিকে বাংলাদেশ ব্যাংক বুঝতে পারেনি বলে আতিউর রহমান বলেন। তিনি বলেন, চুরি হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করা হয়। সেটি করতে গিয়ে কিছুটা দেরি হয়েছে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে, অর্থ ফেরত আনার সুযোগ দেখা দিয়েছে, তখন জানানো হয়েছে। তিনি বলেন, ‘বিষয়টি অর্থমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি, প্রধানমন্ত্রীকে মৌখিকভাবে জানিয়েছি।’
নতুন গভর্নর ফজলে কবির
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মঙ্গলবার গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছেন আতিউর রহমান। নতুন গভর্নর হচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব ফজলে কবির। এদিকে, ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি
রিজার্ভের অর্থ খোয়া যাওয়া নিয়ে গভর্নর ড, আতিউর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ড. আতিউর রহমান পদত্যাগপত্র জমা দেয়ার পর বিকেলে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা জানান।
ওই প্রাকবাজেট আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই দুই পদে শিগগিরই নতুন নিয়োগ দেওয়া হবে।’
এই দুজনকে অব্যাহতি দেয়ায় এখন ডেপুটি গভর্নর পদে রয়েছেন আবু হেনা মো. রাজী হাসান ও এস কে সুর চৌধুরী। সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
বাংলাদেশের প্রথম নারী ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার চাকরির মেয়াদ সম্প্রতি শেষ হওয়ার পর তা চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। আবুল কাশেমের চাকরির বাড়তি মেয়াদও আগামী আগস্টে শেষ হওয়ার কথা ছিল।
রিজার্ভ চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার পরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা বাদী হয়ে মামলাটি করেন। মানি লন্ডারিং আইনে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক। মামলাটি তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।