- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্মরণ- একজন সৎ, নির্ভিক সাংবাদিক ছিলেন টিপু সুলতান

আকরাম উদ্দিন
সাংবাদিক টিপু সুলতান। জেলার সাংবাদিকদের অতি পরিচিত ও চেনা জানা নাম। নাম পরিচয় ছড়িয়ে পড়েছে তাঁর দক্ষ সাংবাদিকতার মাধ্যমে। আমি একজন সৎ ও সাহসী সাংবাদিক হিসাবে জানি টিপু ভাইকে। টিপু ভাইয়ের সাথে পরিচয় আমার দীর্ঘদিনের। স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবর প্রকাশনার শুরু থেকে তাঁর সাথে গড়ে উঠে আমার গভীর সম্পর্ক। প্রতি সপ্তাহে বিভিন্ন সংবাদ নিয়ে আমার ফোনালাপ। যখন আমি দৈনিক সবুজ সিলেট’র জেলা প্রতিনিধি, তখন খোঁজ নিয়ে দেখি টিপু ভাই এই পত্রিকার শুরু থেকেই দিরাই প্রতিনিধি হিসাবে কাজ করছেন। আমি তখন আনন্দিত হই। খবর ও সবুজ সিলেট দুই পত্রিকার প্রতিনিধি আমাদের টিপু ভাই।
প্রায় দুই বছর আগে আরও একটি গবেষণা সংস্থার সাথে যুক্ত হই টিপু ভাই ও আমি। সেটি হল মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে অনুসন্ধানমুলক প্রতিবেদন লেখা। এতেও অনেকটা ঘনিষ্টতা বেড়ে যায় দু’জনার। আমার সাথে সম্পর্ক থাকায় প্রায় সময় দেখেছি সব বিষয়ে উদারতা ছিল তাঁর। একবার দিরাই গিয়ে যখন পৌর এলাকায় একটি সংবাদ আমার চোখে পড়ে। তখন আমি সুনামগঞ্জে ফিরে এসে সংবাদটি লিখে নিই। হঠাৎ মনে হল, একটু জিজ্ঞেস করে নিই টিপু ভাইকে। সংবাদটি যেহেতু দিরাইয়ের একটি সরকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাবে, তাই জিজ্ঞেস করলাম টিপু ভাইকে। তিনি বললেন, ‘সংবাদ হলেই লিখবেন, আমার কোনো আপত্তি নেই। সংবাদ লিখায় আমাকে হুমকি ধামকি এসব নিয়ে চিন্তা করবেন না।’ এই হল একজন সাংবাদিক টিপু সুলতানের চারিত্রিক বৈশিষ্ট্য। সুনামগঞ্জে আসলে মনে হতো টিপু সুলতান আমাদের ঘনিষ্টজন, আমাদের স্বজ্জন। যেদিকে টিপু সুলতান যাবেন, অনেকের মুখেই টিপু ভাই, টিপু ভাই ডাক শোনা যেতো। তাঁর চলনে-বলনে, কথায়-বার্তায় ছিল গম্ভীরতা। টিপু ভাইকে দেখলে যে কেউ অপ্রাসঙ্গিক কথাও জুড়ে দিতে বিবেকে বাধ পড়তো। এমনই ছিল তাঁর চলাফেরা।
টিপু সুলতান অকালে বিদায় নেবেন, এটা ভাবতেও পারিনি। রোগ হয়েছে, ডাক্তার দেখাবেন, ভালও হবেন। এটাই বিশ্বাস ছিল আমাদের। প্রতিদিন ফেইসবুকের খবরে চোখ রাখতাম। মঙ্গলবার সকালে শহর থেকে আমরা চারজন গিয়েছিলাম সদর উপজেলার   জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটাবাজারে একটি মানববন্ধনে।
আসার পথে আমরা হালুয়ারঘাটের নৌকায় শহরে আসছি। বেশ আনন্দও করছি। তখন দুপুর ১টা। হঠাৎ ফোন আসলো, টিপু ভাই মারা গেছেন। সাংবাদিক আশিক পীরের ফোন। এমন সংবাদে মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ভাই, মালেক হোসেন পীর ও লিপসন আমরা সকলেই মর্মাহত হয়ে পড়ি। কারণ মুক্তিযোদ্ধা এই দুইজনেও চেনেন টিপু ভাইকে। আমাদের সকল কথা-বার্তা তখন বন্ধ হয়ে যায়। টিপু ভাইয়ের কথা বার বার স্মরণ করতে থাকি।
অফিসে এসে শুনি পংকজ দা, খলিল ভাই ও বিন্দু ভাই চলে গেছেন দিরাইয়ে টিপু ভাইকে শেষ নজর দেখতে। তখন মনের আয়নায় আমি দেখতে পাই, এইতো সেদিনও সুস্থ ছিলেন টিপু ভাই, আজ তাঁর নিথর দেহ পড়ে আছে খাটেতে। এভাবে সবারই মৃত্যুর সাধ ভোগ করতে হবে। জীবন মানেই মৃত্যু নিশ্চিত।
এই জন্য মরমী কবি এলাহীবক্স মুন্সী তাঁর গানে লিখেছেন ‘এ নিশ্বাসের নাই রে বিশ্বাস’। যে কোনো স্থানে মৃত্যু হতে পারে কারো। কার কোথায় মৃত্যু, কেউ বলতে পারবে না। মৃত্যুর ঘন্টাখানেক পরেই চলে যাবে মাটিতে। পরপারের নিবাসে। তিনি আরও একটি গানে লিখেছেন ‘খাক গোরে মিশি যাবে, এ চন্দ্র বদন রে’। যত সুন্দর দেহ হউক, মাটিতেই মিশে যেতে হবে তাঁকে। মাটি হবে তার শেষ ঠিকানা।
আমি টিপু ভাইকে দেখেছি সাদাসিধে চলা ফেরায়। আমার খুবই ভাল লাগতো তাঁকে। যতদিন ফোন করেছি, ততদিনই ব্যস্ত থাকার কথাও বলেছেন তিনি। অল্পদিনেই জীবনের সবকিছু ঘুচিয়ে নিতেই হয়তো তিনি এতোটা ব্যস্ত ছিলেন। আজ টিপু ভাই নেই, আছে তাঁর স্মৃতি। আমরা টিপু সুলতানের শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
লেখক সাংবাদিক ও গল্পকার।

  • [১]