- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্মরণ- তবু আমারে দেব না ভুলিতে

উজ্জ্বল মেহেদী
টিনশেড ঘর। ধেবে যাওয়ার মতো। একদিক বাঁকানো। সামনে বিরাটার সাইনবোর্ড। ‘ভাষা প্রিন্টিং প্রেস’।
বাহ্ চমৎকার নামকরণ। ‘ভাষা’! সত্যিই  তো, ছাপাখানাই তো ভাষা ফোটায়। প্রথম আকর্ষণ এখানেই, এই নামকরণে। আমি ত্রস্ত পায়ে টিনশেড ঘরে উঁকি দেই। দেখি, কট কট আওয়াজ। অক্ষর বুনুন হচ্ছে। তারপর হবে ছাপার কাজ। সেই সব ছাপা কথা বলবে।
এই ‘কথা’ বলতে গিয়ে আবার আটকে গেলাম। ‘ভাষা’ আর ‘কথা’। ওই ছাপাখানার মধ্যে আছে। মালিকের দুই মেয়ের নাম। সেদিন ‘মালিক’ সম্মোধনখানি ছাপাখানার কোনো এক কর্মচারীর মুখ থেকে শোনা। তাই ওই দিন নিরাপদ দূরত্বে চলে গিয়েছিলাম।
জীবনে প্রথম ছাপাখানা দেখা! অদ্ভুত এক ভাবালুলতা ভর করেছিল। সে এক ঘ্রাণ, মুগ্ধতা। আমার বয়স তখন তারুণ্যের দিকে শোর তোলা মাত্র। সুকান্তের আঠারোর দিকে ধাবিত। নিজেকে সুকান্ত ভাবতাম। মেট্টিক পরীক্ষা দিয়ে জীবনের প্রথম যে ছয় মাসের অখ- অবসর, সেই সময়ে সান্নিধ্য তাঁর। তিনি তখোড় ছাত্রনেতা থেকে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম রব্বানী।
মনে পড়ে, সেদিন যদি ভাষা প্রিন্টিং প্রেসে না যাওয়া হতো, তাহলে এ জীবনের পথ হয়তো অন্যরকম হতো। ভাষা প্রিন্টিং  প্রেসে বসে বসে জীবনের প্রথম স্বাধীন সময়ে নিজেকে যোগ্য করা  হতো না। যোগ্য করেছিলাম বলে সেখান থেকে ‘সুবর্ণ প্রেস’ আমাকে ডেকেছিল। সূবর্ণতে আরও উজাড় করে মেলে ধরেছিলাম বলে ভোরের কাগজ থেকে আজকের প্রথম আলোয়। প্রয়াত হয়েছেন দশক পার হলো। কিন্তু তাঁকে কি ভোলা যায়? না, ভোলা না যাওয়ার দোলাচলে কবি নজরুলের কবিতার চরণে স্মরণ, ‘আমারে দেব না ভুলিতে…’।
প্রথম পরিচয়ে তিনি কাছে টেনে নিয়েছিলেন। সপ্তাহ দিন তাঁর ‘গ্রাম বাংলার কথা’র দাপুটে সংবাদকর্মী। এরমধ্যে আমি তাঁর বড় আপন। বসতাম, তিনি যে চেয়ারে, সেখানটায়। অধরা টেলিফোন ধরার অনুমতি শুধু আমারই ছিল। এখন ভাবি, কী দিয়ে আমি তাঁকে জয় করেছিলাম? উত্তর খুঁজতে হয় না। তিনিই বলে দিয়েছিলেন। কাজ দিয়েই। যেভাবে, এক দশক আগে জেলা শহর থেকে বিভাগীয় শহরে এসে কোনো ছাতা ছাড়াই কাজ আমাকে সদা রোদ-বৃষ্টি-ঝড়ের আঘাত থেকে মুক্ত করে রেখেছে, সেভাবেই।
আমি সুনামগঞ্জ ছেড়ে যাচ্ছি। পুরাতন বাসস্টেশনে মাইক্রোবাসে চড়ার আগেই চোখ পড়ল বাসার দিকে। অর্জুন তো, তাই মনে পড়ল একটু বাসায় যাই। রব্বানী ভাইকে বলে আসি। কিন্তু মাইক্রোবাস স্টার্ট দিয়েছে। ইচ্ছে হচ্ছিল, গাড়ি থামিয়ে সালাম করবো। কিন্তু ভাড়া গাড়ি থামানোর কসরত না করে মনে মনে বলি, পরের সপ্তাহে তো আবার আসব, তখন না হয়, বাসায় গিয়ে সালাম করবো, শাহানা আপাকেও (সাংসদ শামসুন্নাহার শাহানা) বলে আসবো। কিন্তু সেই সুযোগ আর হয়নি। ২০০৬ সালের ১ আগষ্ট আমি সিলেটে যোগদান করি, তিন দিন পর পাই দুঃসংবাদ।
আক্ষেপে খচ খচ। ইশ, সেদিন যদি একটা গাড়ি মিস দিয়ে হলেও বাসায় যেতাম, তাহলে দেখা হতো, কথা হতো। আমি জানি, তিনি জানতেন। এরপরও নিজ মুখ থেকে জানালেও রাজ্যের খুশি হতেন। এ জন্যই আমি দিন-মাস-বছর-দশেকের হিসাবে নয়, বলি, ‘আমারে দেব না ভুলিতে…’
জীবনের প্রথম সবকিছু মনে রাখতে হয়। ভোলা যায় না। ভাষা প্রিন্টিং প্রেসে পত্রিকা অফিসে রাখা সমৃদ্ধ পত্রিকা ভান্ডার আমার প্রথম জ্ঞান প্রসারের সিঁড়ি ছিল। সাংবাদিকতার শুরুতে কতজন পেরেছে দেশ স্বাধীনের সময়ে প্রকাশ হওয়া বিরল পত্রপত্রিকা দেখে দেখে সাাংবাদিকতা রপ্ত করা। আমি পেরেছি। এই পারার পেছনের মানুষটি ‘রব্বানী ভাই’। ‘দাদা’, ‘লিডার’, ‘সম্পাদক সাব’ ইত্যাদি নামে সম্মোহিত হওয়ার প্রাবল্যে আমার স্রেফ ভাই বলে ডাকাটা তিনি বড় উপভোগ করতেন। আমি পরখ করতাম। মাঝে মাঝে ‘লিডার’ বলতাম। তিনি স্বভাবসিদ্ধভাবে ‘ওবা আমি তোমার লিডার অই গেলাম নি?’ বলে তিরস্কার করতেন। আমি শিহরিত হয়ে আবার আগের সম্মোধনে ফিরতাম।আমাকে ফাস্ট নেইম নয়, সেকেন্ড নেইমে মানে ‘মেহেদী’ বলে ডাকতেন। এ জন্য ভিন্নতর এক দৃষ্টি ছিল তাঁর প্রতি।এই ভিন্নতা দিন দিন এতটাই উতলা করেছিল যে, তিনি ওই সময়ের তরুণ সাংবাদিক ও সাংবাদিকতা বলতে আমাকেই বুঝতেন। সভা, সেমিনার, সমাবেশ-কোথাও রাখঢাক করতেন না। এক নামেই নামায়িত হতাম আমি। কোনো কোনো সময় এতটাই আমাকে মেলে ধরতেন যে, আমি নিজেই নিজের কাছে শরমিন্দা থাকতাম। টাঙ্গুয়ার হাওর নিয়ে যখন আমি স্রোতের বিপরীতে আছি, তখন কোনো সমসাময়িক সংবাদকর্মী আমার পাশে ছিলেন না। কিন্তু তিনি শুধু আমার পাশেই ছিলেনই না, রীতিমতো আমার পক্ষ নিয়ে তর্কযুদ্ধ করেছিলেন। একদিন, এমনভাবে আমাকে উপস্থাপন করলেন, শুনে আমি তাঁকে রাগ দেখিয়ে বললাম, ‘আপনি তো এভাবে বলে আমার শত্রু সৃষ্টি করছেন শুধু!’ এ কথা শুনে তিনি সপ্তম আশ্চর্য হয়ে বলেছিলেন, ‘তুমি তো মিয়া শত্রুবেষ্টিত, তোমার কাজই প্রতিদিন ১০১টা শত্রু বানায়। আমি আর এক-দুই কথা কইয়া আর কয়টা শত্রু পয়দা করমু!’
রাজনীতিবিদ-সাংবাদিক-মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী। সমৃদ্ধ অতীত। আমরা গর্ব করতাম।ছাত্রজীবনের শুরুতেই হাইস্কুলে অধ্যয়নরত অবস্থায় তিনি ছাত্র ইউনিয়নে যুক্ত হন। ১৯৬৭ সালে বিপুল ভোটে সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হওয়া ছিল সেই ছাত্রজীবনে ছাত্ররাজনীতির ফসল।পরে কলেজ শাখা ও মহকুমা শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি পদে অধিষ্ঠিত হন। ১৯৭০-এর নির্বাচনে ছাত্ররাজনীতির ইমেজ নিয়ে সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা আসনে পাকিস্তান প্রাদেশিক পরিষদ (এমপিএ) নির্বাচনে তাঁকে কুড়েঘর প্রতীকে ন্যাপের মনোনয়ন দেওয়া হয়েছিল। এখানেই ঘটেছিল তাঁর জীবনে রাজনৈতিক জলাঞ্জলির ঘটনা। মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশ, আবার রাজনীতি এবং সাংবাদিকতা। এই সাংবাদিকতার কারণে বহুধা কর্মযজ্ঞ তাঁর মধ্যে ছিল।
১৯৮৪ সালে সুনামগঞ্জ জেলার জন্য আন্দোলন, ১৯৯৪ সালে সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলন থেকে শুরু করে সবখানেই ছিল তাঁর সমান বিচরণ। কখনো কখনো রাজনীতির সীমানা ছাড়িয়ে যেতেন। বৃহত্তর স্বার্থে দলের জ্যেষ্ঠ নেতাদেরও কথার জালে কাবু করে ফেলতেন। সঙ্গে থাকতো রসবোধও।
‘৯৭ সালের সেপ্টেম্বর মাস। দিরাই-শাল্লার বরাম হাওর এলাকায় ‘আফাল’ দেখাতে সুরঞ্জিত সেনগুপ্ত আমাকে ও মিসবাহ ভাইকে (সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ্, তখন বাংলাবাজার পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি তিনি) নিয়ে গেলেন। অর্ধেক পথে গিয়ে সঙ্গী রব্বানী ভাই-ও। আমরা দিনভর হাওরের আফাল দেখলাম। দুপুরের খাবার বিকেল গড়িয়ে খাচ্ছি। সম্ভবত রফিনগরের কোনো এক বাড়িতে। এ সময় সেনদা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলীকে আফাল রক্ষা প্রকল্প গ্রহণ করতে নির্দেশনা দিলেন। হাওর-প্রকৃতি বোঝাতে প্রকল্প প্রস্তাবে যেন আফালকে আফাল বলা হয়, সে নির্দেশনাও দিলেন। কিন্তু পাউেবো প্রকৌশলী লিখতে গিয়ে যেন আটকে যাচ্ছিলেন, আফালকে ঢেউ লিখবেন কি না, বারবার সেনদার কাছে জানতে চাইছিলেন। এ অবস্থায় বিরক্ত সেনদা রব্বানী ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পাউবো প্রকৌশলীকে বললেন।
‘ব্যাটা আফাল চিনে না, আবার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী!’ এ নিয়ে রব্বানী ভাই-ও মহাবিরক্ত। ‘এই মিয়া, এই দিকে আসেন। কী হয়েছে?’ জানতে চাইলেন রব্বানী ভাই। পাউবো প্রকৌশলী জিজ্ঞাসু মনে আফাল নিয়ে একের পর এক প্রশ্ন করছিলেন। শেষে রব্বানী ভাইয়ের কাছে জানতে চাইলেন, ‘কী লিখবো?’ মহাবিরক্ত রব্বানী ভাই বললেন, ‘আফাল চিনেন না, আবার হাওরে কাজ করতে এসেছেন। আফাল হলো ঢেউয়ের বাপ, লিখেন…!’
শুধু কথায় নয়, তৃণমূলে ঢেউ তোলা অনেক কাজ করেছিলেন রব্বানী ভাই। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তাঁর সম্পাদনার পত্রিকা ‘বিন্দু বিন্দু রক্তে’ নামখানি শুনলেই তো এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ পাওয়ার বিষয়টি নতুন প্রজন্মের নখদর্পণে আসে। কিন্তু এসব করে কী পেলেন-এ প্রশ্নেরও উত্তর আমার জানা নেই। জানি না তাঁর পরিবারের  কাছে আছে কি না। আমি উত্তর না জানি বলে সান্তনা খুঁজি কবি নজরুলের কবিতার শেষের এই অংশ থেকেই-

‘তোমার কুঞ্জ-পথে যেতে, হায়!
চমকি’ থামিয়া যাবে বেদনায়
দেখিবে, কে যেন ম’রে পরে আছে
তোমার পথের ধূলিতে।
তবু আমারে দেব না ভুলিতে।

আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেব না ভুলিতে।’

  • [১]