বিন্দু তালুকদার
কিছু কিছু মানুষ থাকেন যারা অন্যদের চাইতে একেবারেই আলাদা। দল করলেও দলীয় সংকীর্ণতায় তারা আবদ্ধ হন না, সংস্কৃতি চর্চা কিংবা অভিনয়ের খ্যাতি তাদের আত্মশ্লাঘার কারণ হয় না। বাংলার সবুজ-শ্যামল প্রকৃতির মতো তারা শান্ত ¯িœগ্ধতায় আবিষ্ট থেকে এগিয়ে যান আগামীর পথে। দিনবদলের স্বপ্ন দেখেন তারা। কাক্সিক্ষত সময় হাতের মুঠোয় এনেও তারা আত্মম্ভরিতায় মেতে উঠেন না। যেটুকু প্রাপ্য সেটুকুও অনেক ক্ষেত্রে জীবদ্দশায় তাদের ভাগ্যে জুটে না। কিন্তু তাতে কী হয়েছে, সময় তাদেরকে কখনোই ভুলে না। ইতিহাস তাদের পক্ষেই থাকে সব সময়। এরকমই একজন হৃষিকেশ রায়। যিনি সমাজকে দিয়েছেন দু’হাত ভরে, বিনিময়ে প্রত্যাশা করেন নি কিছুই।
রাজনীতিক হলেও হৃষিকেশ রায় মনেপ্রাণে ছিলেন একজন শিল্প ও সংস্কৃতিকর্মী। জীবনের শেষ দিন পর্যন্ত শিল্প-সংস্কৃতিকে ভালবেসে গেছেন। ছিলেন দেশপ্রেমিক ও রাজনীতি সচেতন ব্যক্তিত্ব। বহু প্রতিভার অধিকারী হৃষিকেশ রায়ের চিন্তা ও চেতনায় ছিল বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা।
নিজের মেধা, সাংগঠনিক দক্ষতা ও মননশীলতাকে কাজে লাগিয়ে একদিকে যেমন করেছেন রাজনীতি অন্যদিকে তেমনি নিবিষ্ট ছিলেন শিল্প- সংস্কৃতি চর্চায়। বহুমুখী প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর তার ব্যক্তি জীবনকে করেছে অনন্য। যাত্রা ও নাটকে অভিনয় করতে তিনি। বিখ্যাত চলচিত্র অভিনেতা আনোয়ার হোসেন তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে পা ছুঁয়ে সালাম করেছিলেন। প্রস্তাব দিয়েছিলেন ঢাকার চলচিত্রে অভিনয় করার। কিন্তু এলাকার টানে চলচিত্রে যান নি তিনি। ৫২’র ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাতৃভূমিকে পাক হানাদার বাহিনীর কবল থেকে রক্ষা করতে নিরলসভাবে কাজ করেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে। এলাকার উন্নয়নের পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত শিল্প ও সংস্কৃতি চর্চায় কাজ করে গেছেন তিনি।
হৃষিকেশ রায় ১৯২১ সালের হবিগঞ্জের জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম রামচন্দ্র রায়, মাতা-রাধারাণী রায়। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। বড়ভাই রাখেশ রায় গ্রামে থেকে কৃষিকাজ করেছে। হৃষিকেশ রায় ছোট বয়সেই বাবার ব্যবসা কেন্দ্র সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে চলে আসেন। প্রাথমিক লেখাপড়া করেন স্থানীয় রহিমাপুর গ্রামের এমই স্কুলে। পরে মেট্রিক পর্যন্ত লেখাপড়া করেন সুনামগঞ্জ বুলচাঁন্দ উচ্চ বিদ্যালয়ে। বিথঙ্গল গ্রাম থেকে চলে আসার পর কিশোর, যৌবন, বৃদ্ধ পুরোটা জীবন কাটিয়ে মৃত্যুর দিন পর্যন্ত তিনি সাচনাবাজারে ছিলেন।
সুনামগঞ্জ বুলচাঁন্দ উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহপাঠি সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে স্বদেশী রাজনীতিতে সম্পৃক্ত হন। সামাদ আজাদের সহপাঠি হিসাবে ১৯৫২ এর ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে রাজনৈতিক জীবনে সাবেক এম.এন.এ দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরীর একনিষ্ঠ সহকর্মী ছিলেন। তিনি জামালগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধের সময় জামালগঞ্জ থানা স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ৯ মাস তিনি ভারতের বালাট সাব সেক্টরের মেডিকেল কোরের (সাব কমিটি) আহ্বায়কের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সাচনাবাজার ইউনিয়নের প্রথম রিলিফ চেয়ারম্যান ছিলেন। তরুণ সংগঠক ও সংস্কৃতিকর্মী হিসেবে ৬ দফা আন্দোলন, ৭০ এর নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
হৃষিকেশ রায় সাবেক এম.এন.এ দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরীর আস্থাভাজন ঘনিষ্ঠ সহকর্মী এবং আমৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে একজন নিবেদিত প্রাণ ছিলেন। ৮০ বছর বয়সে ২০০১ সালের ১৪ নভেম্বর তাঁর জীবনাবসান ঘটে। সাচনা গ্রামের শ্মশানঘাটে তাকে সমাহিত করা হয়। হৃষিকেশ রায়কে কাছে থেকে দেখেছেন ও একসাথে কাজ করেছেন এমন অনেকেই তার বহু গুণ ও প্রতিভার কথা বলেছেন।
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত হৃষিকেশ রায়কে নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ‘জেলায় শিল্প-সংস্কৃতিতে যে কয়েকজন মানুষ ছিলেন তাদের মধ্যে হৃষিকেশ রায় ছিলেন একজন। তিনি অসাধারণ গুণী লোক ছিলেন, এতবড় অভিনেতা কম ছিল। ব্যবসায়ী হলেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বিশেষ ভুমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতেন। সাবেক এমপি দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরীসহ সকল এমপিদের সাথে তিনিও মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক হিসাবে কাজ করেছেন। ওবায়দুর রাজা চৌধুরীর নির্দেশে মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় বালাট ক্যাম্পে সঠিকভাবে মেডিকেল কোরের দায়িত্বপালন করেন। তিনি আজীবন মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ ও প্রগতির পক্ষে কাজ করেছেন। শিল্প-সংস্কৃতি এবং উন্নত ও সমৃদ্ধির চিন্তা-চেতনায় সারা জীবন কাজ করে গেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন হৃষিকেশ রায়।’
সাবেক সংসদ সদস্য নজির হোসেন বলেন, ‘হৃষিকেশ রায় ছিলেন একজন প্রগতিশীল সমাজকর্মী ও রাজনীতি সচেতন লোক। তিনি ৫২’এর ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, ৬ দফা আন্দোলন, আয়ুব বিরোধী আন্দোলন, ৬৯ এর গণঅভুত্থানসহ সকল গণআন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করেছেন। সফল ব্যবসায়ীর পাশাপাশি তিনি ছিলেন সামাজিক ও ব্যবসায়ী নেতা। সরাসরি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে অংশ না নিলেও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছেন তিনি। ওবায়দুর রেজা সাহেব হৃষিকেশ রায়কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি মেডিকেল কোর কমিটি গঠন করেছিলেন। আমিও সেই কমিটির সদস্য ছিলাম। পরে আমি মেডিকেল কোরে না থেকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করি। কিন্তু হৃষিকেশ রায় শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে গেছেন। হৃষিকেশ রায় আওয়ামী লীগের রাজনীতি করলেও বাম রাজনীতির প্রতি তাঁর বিশেষ টান ছিল। তিনি সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার জন্য উৎসাহ দিতেন, অনুপ্রাণিত করতেন। যারা মুক্তিযুদ্ধে যেতে আগ্রহ প্রকাশ করতেন তাদেরকে সরাসরি ওবায়দুর রেজার সাথে সাক্ষাত করিয়ে দিতেন।’
হৃষিকেশ রায়ের ঘনিষ্টজন হিসাবে পরিচিত সাচনাবাজারের বাসিন্দা সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ বলেন, ‘ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনে সাথে সরাসরি যুক্ত ছিলেন হৃষিকেশ রায়। ৬ দফার আন্দোলন নিয়ে সাচনাবাজারের ঐতিহাসিক বটতলায় বঙ্গবন্ধুর সমাবেশে মানপত্র পাঠ করেছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তিনি। সভামঞ্চে বঙ্গবন্ধু আলিঙ্গন করেছিলেন হৃষিকেশ রায়কে। এ সময় বঙ্গবন্ধু হৃষিকেশ রায়কে উদ্দেশ্য করে বলেছিলেন ভাই আমার বাংলার মানুষের জন্য যথাসাধ্য করবেন। প্রত্যোত্তরে হৃষিকেশ রায় বলেছিলেন, ‘জীবনের সবটুকু দিয়ে আমি আপনার ৬ দফার বাস্তবায়ন ও দেশের পক্ষে কাজ করে যাব।’ হৃষিকেশ রায় এলাকার মানুষের বিপদে-আপদে দলমত, ভেদাভেদ ভুলে সবার পাশে গিয়ে দাঁড়াতেন।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেনারবাঁক ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার বলেন, ‘হৃষিকেশ রায়ের মতো একজন সমাজসচেতন ও রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমান সমাজে পাওয়া দুস্কর। তিনি খুব দক্ষ অভিনেতা, ব্যবসায়ী, পরোপকারী ব্যক্তি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় দেশ ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক ছিলেন। স্বাধীন দেশের ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসনে ও একজন রিলিফ চেয়ারম্যান হিসাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন।’
হৃষিকেশ রায়ের সাথে মঞ্চে অভিনয়কারী সুনামগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌখিন নাট্য সংস্থার সহ-সভাপতি রমেন্দ্র ভট্টাচার্য বলেন, ‘হৃষিকেশ রায় একজন দক্ষ ও গুণী অভিনেতা ছিলেন। যাত্রার সম্্রাট ছিলেন তিনি। সংলাপে তাঁর শব্দ উচ্চারণ, বাচন ভঙ্গি, সবকিছুই ছিল উন্নতমানের। নাটক-যাত্রা দু’টোতেই পারদর্শী ছিলেন। মুক্তিযুদ্ধের বেশ কয়েক বছর আগে সুনামগঞ্জ শহরের আলিমাবাগের মিনিস্টার বাড়ির শওকত মিয়া ও রায় পাড়ার বিষ্ণু পদ রায়ের উদ্যোগে আয়োজিত ‘টিপু সুলতান’ ও ‘সিরাজ-উদ-দৌলা’ নাটকে বিখ্যাত চলচিত্র অভিনেতা আনোয়ার হোসেনের সাথে অভিনয় করেছিলেন তিনি। নাটকের অভিনয় দেখে আনোয়ার হোসেন হৃষিকেশ রায়ের পা ছুঁয়ে সালাম করে বলেছিলেন ভাটির দেশ সুনামগঞ্জে এতবড় গুণী অভিনেতা আছেন তা স্বপ্নেও কল্পনা করিনি। সুনামগঞ্জে এসে আপনার সাথে অভিনয় না করলে বিষয়টি হয়তো জানতাম না। তাকে ঢাকার চলচিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন আনোয়ার হোসেন। কিন্তু হৃষিকেশ রায় সেই প্রস্তাবে রাজী হননি। শখের বসেই অভিনয় করছেন বলে জানিয়েছিলেন। হৃষিকেশ দা’র কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং তাঁর মতো এক গুণী শিল্পীর সাথে অভিনয় করে আমি ধন্য হয়েছি। তবে অতন্ত দুঃখের বিষয় সুনামগঞ্জের এতবড় এক অভিনেতা ছিলেন তিনি কিন্তু তাকে জীবিত থাকা অবস্থায় এমনকি মৃত্যুর পরও সরকারি-বেসরকারিভাবে কোনো সম্মান জানানো হয়নি। যা সত্যিই দুঃখজনক।’