- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি বিতরণ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষে সুনামগঞ্জসহ ১৬টি জেলার জেলা প্রশাসকের সাথে ভার্চুয়াল সভা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
প্রাথমিকভাবে দেশের ১৭ জেলার ২৪ হাজার ৭৬১ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন স্মার্ট আইডি কার্ড। এছাড়াও ৪৬ হাজার ৮০৩ জন পাচ্ছেন ডিজিটাল সার্টিফিকেট।
বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। সুনামগঞ্জে ১ হাজার ৭১১ কার্ড ও ৩ হাজার ৯৬৭ সার্টিফিকেট দেয়া হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, ইতিমধ্যে ১৭টি জেলার ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রিন্টিং কাজ সম্পন্ন হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে— সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, নড়াইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, ঢাকা, শরীয়তপুর, মেহেরপুর ও নারায়ণগঞ্জ। বাকি ৪৭টি জেলার ডিজিটাল সার্টিফিকেট এবং স্মার্ট আইডি কার্ডের প্রিন্টিং কাজ দেড় মাসের মধ্যে সম্পন্ন হবে। প্রথম দফার ৪৬ হাজার ৮০৩ জন ডিজিটাল সার্টিফিকেটধারীর মধ্যে জীবিত ২৪ হাজার ৭৬১ এবং মৃত ২২ হাজার ৪২ জন বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া বলেন, জেলাভিত্তিক ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড সর্বশেষ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের (ওয়েবসাইটে) www.molwa.gov.bd প্রকাশিত সমন্বিত তালিকা যাচাই করে বিতরণ করতে হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকায় নাম না থাকলে ওই বীর মুক্তিযোদ্ধাদের নামে পাঠানো ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ স্থগিত রাখতে হবে। সমন্বিত তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি এমন বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় নাম অন্তর্ভুক্ত সাপেক্ষে পরবর্তীতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থেকে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া বলেন, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। এ জাতির আর্থ—সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব পুনরুদ্ধারে এ দেশের আপামর জনসাধারণ ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চে মহান মুক্তিযুদ্ধ শুরু করে। দেশের মানুষের চরম আত্মত্যাগের বিনিময় অর্জিত হয় আমাদের স্বাধীনতা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট এবং স্মার্ট আইডি কার্ড বিতরণের এ কর্মসূচি গ্রহণ করা হয়।

  • [১]