স্টাফ রিপোর্টার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সহযোগিতায় ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ৩ দিনব্যাপী যুব গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের দৈহিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব। যারা খেলাধুলার সাথে জড়িত থাকে তারা সমাজের বিভিন্ন অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারবে। এতে করে দেশের ও তার জীবনের উন্নয়ন করতে পারবে। বাংলাদেশ সরকার স্বপ্ন দেখছে স্মার্ট বাংলাদেশ গড়ার, সেই লক্ষ্য পূরণ করতে খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একদিন তোমরা ভাল খেলোয়াড় হয়ে দেশের নাম উজ্জ্বল করতে পারবে। তাই বাংলাদেশ সরকার ও খেলাধুলার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিটি জেলায় সরকার উন্নত মানের স্টেডিয়াম নির্মাণ করে দিচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. সিরাজুর রহমান সিরাজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী, শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের আহবায়ক পারভেজ আহমেদ চৌধুরী।
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে ১১ টি উপজেলা থেকে বালক বালিকারা অংশগ্রহণ করেছে। ৩ দিন ব্যাপী যুব গেমসে এ্যাথলেট্রিক্স, দাবা, ক্যারাটে, ব্যাডমিন্টন, সাঁতার, হ্যান্ডবল, টেবিল টেনিস, কাবাডি ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ্যাথলেট্রিক্স ও দাবা খেলার মাধ্যমে যুব গেমসের শুরু হয়েছে। এতে প্রতি উপজেলা থেকে ২ জন করে খেলোয়াড়েরা অংশ নিয়েছে। শুক্রবার কারাতে, ব্যাডমিন্টন ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পুকুরে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শনিবার অনুষ্ঠিত হবে হ্যান্ডবল, টেবিল টেনিস ও কাবাডি প্রতিযোগিতা।