রোকেস লেইস
সুনামগঞ্জ এর অধুনা ক্রিকেট যাঁদের অক্লান্ত আন্তরিকতায়, প্রচেষ্টায়, নিষ্ঠায় শ্রমে ঘামে দাঁড়িয়ে, বর্তমান প্রজন্ম এঁদের কতটুকু জানেন।
ষাটের দশকের শুরুতে এবং এরও পূর্ব থেকেই সুনামগঞ্জে ক্রিকেট খেলা হতো, তবে তা ছিলো অনির্ধারিত, কিছু সৌখিন আগ্রহী খেলোয়াড়দের উদ্যোগে একটি দু’টি ম্যাচ আয়োজনে ছিলো সীমাবদ্ধ এবং বিচ্ছিন্নভাবে প্রতিষ্ঠান কেন্দ্রিক । ষাটের দশকের প্রথম দিকে সুনামগঞ্জে ক্রিকেট খেলা হতো তখনকার বি.সি. স্কুলের মাঠে এবং এ টিম ফিল্ডে অর্থাৎ বর্তমান স্টেডিয়ামে। এ. টিম ফিল্ডে ঐ সময়ে হকিও খেলা হতো প্রায় নিয়মিত। ফুটবল খেলা হতো এ.টিম ফিল্ডে গোল পোষ্ট ছিলো পূর্ব-পশ্চিমে, এছাড়াও বি.সি স্কুলের মাঠেও ফুটবল হতো। তখনকার দিনে ক্রিকেট ম্যাচে মাইক লাগিয়ে ধারাবিবরণী দেয়া হতো তাও ইংরেজীতে। ১৯৬৪-৬৫ সনের দিকে মাইক লাগিয়ে ম্যাচ হতো; তবে, ধারাবিবরণীর চেয়ে বেশী বাজানো হতো গান। ঐ সময়ে, “ওগো নিরুপমা করিও ক্ষমা….. ” গানটি অনেক বেশী বেশী বাজতো।
উসমান গনি চৌধুরী, রানা চৌধুরী, রানা স্থায়ীভাবে সুনামগঞ্জ আসেন বরিশাল থেকে, উনার পিতা আব্দুল গণি চৌধুরীর রিটায়ারমেন্ট এর পর; নিজ বাসা রাহাত মঞ্জিলে চলে আসেন উনিশ শ’ চৌষট্টি সনে, সেই সুবাদে। কিশোর রানা চৌধুরী তদানিন্তন এইচ.এম.পি মাদ্রাসায় ভর্তি হন। একই সময়ে ক্রিকেটঅন্ত প্রাণ রানা চৌধুরী জড়িয়ে পরেন সুনামগঞ্জ ক্রিকেটকে নিয়মিত চর্চায় নিয়ে আসার প্রচেষ্টায়। রানা চৌধুরী একাগ্রতা, উদ্যোগ, নিষ্ঠা ও প্রচেষ্টায় ডেইরির রন্জু চৌধুরী, তরুণ ভদ্র, অজয় চৌধুরী বেনু, মুকুল কান্তি চৌধুরী, স্বাধীন বখত, জয়নুল জাকেরীন, অজু নাগ ঐ সময়ের আরো কতেক তরুণকে সংগঠিত করতে সক্ষম হন এবং সর্বজন শ্রদ্ধেয় মোহাম্মদ আলী, আব্দুল মন্নান চৌধুরী, কাজী বশিরউদ্দিন নানু মিয়া এর মতো ক্রিকেট অনুরাগীদের সক্রিয় পৃষ্ঠপোষকতায় ও নির্দেশনায় সুনামগঞ্জে ১৯৬৫-৬৬ সনে বেসরকারি উদ্যোগে ক্রিকেট লীগ চালু করতে সক্ষম হন এ.টিম ফিল্ডে। পরের দু’বছর ক্রিকেট লীগ হয় জুবিলী স্কুলের মাঠে একই উদ্যোক্তাদের আয়োজনে। এরই ধারাবাহিকতায় মহকুমা প্রশাসনকে সম্পৃক্ত করতে সক্ষম হওয়ায়, ১৯৬৯-৭০ সনে প্রথম বারের মতো ক্রিকেট লীগ আয়োজনের দায়িত্ব নেয় এস.এস.এস.এ অর্থাৎ সুনামগঞ্জ সাবডিভিশনাল স্পোর্টস এসোসিয়েশন, ঐ লীগটি প্রথম বিভাগ ক্রিকেট লীগ এর স্বীকৃতি পায়। ঐ সময়ে ক্রিকেট আয়োজন ছিলো প্রচুর ব্যয়সাধ্য যা বর্তমান প্রজন্ম চিন্তাও করতে পারবে না। বিভিন্ন দাতাগণের কাছ থেকে চার আনা আট আনা করে চাঁদা উঠিয়ে শ’খানেক টাকা সংগ্রহ করা গেলে, একটি টিম এক সিজনের জন্য খেলার প্রস্তুতি নিতে পারতো। তাও, গিয়ার্স বলতে একটি ব্যাট ২৫/৩০ টাকা, দু’টি প্যাড ১৫/২০ টাকা, ব্যাটিং গ্লাভস দু’জোড়া ২০/২৫ টাকা, কিপিং গ্লাভস এক জোড়া ২০/২৫ টাকা, একটি এমসিসি বল ৪.৫০/৬.৫০ টাকা, খরচ অনেকটা এরকমই ছিলো। অনেক টিমের প্র্যাকটিস ব্যাট থাকলেও ম্যাচ খেলার উপযোগী ব্যাট থাকতো না। সে ক্ষেত্রে শর্ত থাকতো, যে টিমের ম্যাচ উপযোগী ব্যাট আছে সে’টি বাকী টিমগুলোকে ম্যাচে ব্যবহার করতে দিতে হবে। আর, এভাবে মিলেমিশেই সুনামগঞ্জে ক্রিকেটের যাত্রা শুরু। বলতে গেলে, নিবেদিতপ্রাণ রানা চৌধুরীর হাত ধরেই আধুনিক ক্রিকেটের গোড়াপত্তন সুনামগঞ্জে। আর এরই ধারাবাহিকতায় রানা চৌধুরী হয়ে উঠেন সুনামগঞ্জ ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রধান, পুরোধা ব্যক্তি। আরো সম্পৃক্ত ছিলেন জনাব নূরুল হক আম্বিয়া, আছদ্দর আলী ভূইয়া, মনসুর আহমদ চৌধুরী, অমিয়েশ চক্রবর্তী প্রমুখ। শুরুর দিকে খেলা হতো পনেরো ওভারের, মাত্র পনেরো ওভার খেলতেই টিমগুলোর নাভিশ্বাস উঠতো। যা পরবর্তীতে ত্রিশ ওভার এবং তৎপরবর্তীতে পঞ্চাশ ওভারে উত্তীর্ণ হয়। ঐ সময়ে ব্যাট হাতে একপ্রান্ত আগলে চীনের প্রাচীর হয়ে যে মানুষটি দাঁড়িয়ে থাকতে পারতেন, তিনি রানা চৌধুরী। রান বাড়ানোর জন্য মোটেই তাড়াহুড়ো ছিলো না বরং প্রচন্ড ধৈর্য্য নিয়ে সুযোগের অপেক্ষায় থাকতে পছন্দ করতেন, রানা চৌধুরীর লক্ষ্য থাকতো একটাই, আউট না হয়ে প্রান্ত আগলে থেকে রান উঠানো। আর এক্ষেত্রে তিনি প্রায়শই সফল হতে হতে এক অনন্য পরিচিতি অর্জন করেন। ওপেনার টু লাস্ট, নট আউট থেকেও উনার সংগ্রহে থাকতো এক বা দু’ রান। স্ট্রোক খেলার চেয়ে বলের গতিতে কাট করে রান নিতেই স্বাচ্ছন্দ বোধ করতেন। আর এক্ষেত্রে উনি এতোটাই পারদর্শী ছিলেন যে উনার এই স্টাইল ‘রানা কাট’ হিসাবে জনপ্রিয় হয়ে উঠে । বড় কথা ছিলো, উনার সময়ে উনি ছিলেন ব্যাটিং আইকন। টেস্ট ক্রিকেটের আবহ তখনো সজীব, যদিও স্বল্প ওভারের চর্চাও শুরু হয়েছে। উনার ব্যাটিং ছিলো গ্রামার সিদ্ধ; নিখুঁত, এ বিষয়ে উনি অসচেতন ভাবেও ছাড় দিতে প্রস্তুত ছিলেন না নিজের ক্ষেত্রে। একইভাবে অন্যকেও গ্রামার সিদ্ধ ব্যাটিং শিক্ষা দিতে অক্লান্ত ঘাম ঝরিয়ে গেছেন এবং এ বিষয়ে কোনোদিনই উনাকে নিরাশ হতে দেখা যায়নি। সিজনের শুরুতে পাড়ার ছেলেদের ধরে ধরেই মাঠে নিয়ে যেতেন। কাউকে কাউকে মা বাবার কাছে বলে ক’য়ে মাঠে নিয়ে আসতেন, হাতে ধরে শিক্ষা দিতেন ক্রিকেট। উনার কারণে পাড়ার ছেলেরা ক্রিকেট খেলতে যেতে বাধ্য হয়েছেন, ঐ সময়ে পাড়ার কিশোর যুবক একজনও খুঁজে পাওয়া যাবে না যে ক্রিকেট খেলে নাই। শুধু পাড়াই বা কেনো শহরের কতো কিশোর যুবক ক্রিকেট মাঠে এসেছেন রানা চৌধুরীর হাত ধরে, উনার হাতে গড়া অনেকেই পরবর্তীতে খুবই ভালো করেছেন। মা যেমন ছোট বাচ্চাদের আঙুল ধরে হাঁটতে শিখায়, নিজ বাসার বারান্দায় নবীনদের তেমনি মমতায় ব্যাট গ্রিপ করা, স্ট্যান্স ইত্যাদি শিখাতেন। টেনিস বল গাছের ডালে ঝুলিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করতে বাধ্য করতেন। শুধু খেলাই নয়, খেলা উপযোগী পীচ তৈরীও শুরু হয় উনার তত্ত্বাবধানে, এছাড়া খেলা পরিচালনা অর্থাৎ আম্পায়ারিং এ’ও অগ্রণী দায়িত্ব পালন করেছেন সামনে থেকে, দীর্ঘদিন আম্পায়ারিং করেছেন। রানা চৌধুরীর উদ্যোগ, নিরলস প্রচেষ্টায় গোড়াপত্তন হয়, সংগঠিত হয় সুনামগঞ্জ ক্রিকেট এর আধুনিক যাত্রা। রানা চৌধুরীর মতো ক্রিকেট প্রেমী, ক্রিকেট অন্তপ্রাণকে যথার্থ মূল্যায়ন করতে পারাটাই হবে ক্রিকেট অগ্রযাত্রার সোপান।
২৭০১১৭
লেখক: সিনিয়র আইনজীবী, কবি ও প্রাক্তন ক্রিকেটার।