- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সড়কদানব রুখতে কঠোর হোন

হোসেন তওফিক চৌধুরী
এইতো মাত্র দিন কয়েক আগে নিরাপদ সড়ক চাই সপ্তাহ পালিত হয়েছে। প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ সড়ক জনগণের চলাচলের জন্য নিরাপদ রাখার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন এবং এই লক্ষ্য অর্জনের জন্য সকলের আন্তরিক সহযোগিতা আহবান করেছেন।
সড়ক নিরাপদ রাখার ব্যাপারে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মুখ্য। সড়কে গাড়ী ও অন্যান্য     যানবাহন চলাকালে দেখভাল করার মূল দায়িত্ব পুলিশের। কে কোথায় বিনা লাইসেন্সে গাড়ী চালায়, চালক অপ্রাপ্ত বয়স্ক কিনা, চালকের বাহনের গতিবেগ সম্পর্কে সম্যক ধারনা আছে কিনা, বাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক কিনা দেখার দায়িত্ব তো পুলিশের।
যানবাহন আইন তো আছেই। কিন্তু আইনের বাস্তব প্রয়োগ কোথায়? সকলের নাকের ডগার উপর দিয়েই বিনা বাধায় লাইসেন্স, অপ্রাপ্ত বয়স্করা মোটর সাইকেল, বাইক, সিএসজি চালাচ্ছেন। এদেরকে তো ধরা হয় না. এদেরকে কেউ জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না। ফলে এরা দিনদিন বেপরোয়া হচ্ছে এবং অনেক মর্মান্তিক ঘটনার জন্ম দিচ্ছে।
একটি দুর্ঘটনা মানে একটি পরিবারের জন্য সারা জীবনের কান্না ও অশনিসংকেত। ভূক্তভোগীরাই এর মর্মজ্বালা বুঝেন এবং সারাজীবন এর খেসারত দেন। এইতো গত মঙ্গলবারে শহরের হাছননগরে রাস্তায় দাঁড়িয়ে থাকা শামীম আহমদ চৌধুরীকে বেপোরোয়া গতিতে একটি মোটর সাইকেল আঘাত করে। তিনি ছিটকে পড়েন, পা ভাঙ্গে। চিকিৎসার জন্য তাকে সিলেট নিয়ে যাওয়া হয়। অপারেশনের পর তিনি মারা যান। এই মোটর সাইকেলের চালক একজন অপ্রাপ্ত বয়স্ক এবং তার লাইসেন্স নেই। এই চালক দুর্ঘটনার পর আহতের প্রতি সামান্যতম লৌকিকতা দেখায়নি, কোন খোঁজ খবর নেয়নি। সে শহরতলীর কিন্তু এখনও ধরা ছোঁয়ার বাইরে। তার ধারনা এটা কিছুই হয়নি। কিছুদিন আগে ষোলঘরে মিঠু চৌধুরী এভাবেই নিহত হয়েছেন। জামালগঞ্জের শিক্ষাবিদ গোলাম মর্তুজার মৃত্যুও এভাবে। হাছননগরের জনৈক আবু তাহের মারাত্মক আহত হয়ে সিলেটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছ্।ে এছাড়া প্রতিদিনই এসব ঘটনা ঘটেছে। কিন্তু, কর্তৃপক্ষের যতটুকু তৎপর হওয়ার কথা  তা না হওয়ায় মানুষের মনে হতাশা আছে।
এসব মর্মান্তিক ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সকলের দাবি। এ ব্যাপারে কোন শিথিলতা বা উদাসীনতা কারও কাম্য নয়। বেপরোয়া যানবাহন চালানো চালকের লাইসেন্স, গাড়ীর কাগজপত্র, চালকের বয়স প্রভৃতির ব্যাপারে কর্তৃপক্ষ কঠোর হলেই জনমনে স্বস্তি আসবে। এসব ঘটনার সাথে সাথেই আইন অনুযায়ী ব্যবস্থা নিলে হয়তো এসব অপরাধ হ্রাস পেতে পারে।
লেখক : আইনজীবী-কলামিস্ট

  • [১]