- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সড়কে পাথর, বালি ও ইটের স্তুপ, এক সপ্তাহে দুই দুর্ঘটনা

সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারের পূর্ব পাশে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সস্টিটিউটের নির্মাণাধীন ভবনের ইট, বালি, পাথর অর্ধেক সড়ক দখল করে ফেলে রাখা হয়েছে। ভবন নির্মাণ সামগ্রী সড়কের উপর রাখায় ঘটছে দুর্ঘটনা। এক সপ্তাহের ব্যবধানে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। আহত হচ্ছেন অনেকেই। এসব ঘটনায় সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের উদাসীনতা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের দায়ী করছেন পথচারী, যাত্রী সাধারণ।
গত রবিবার সকাল সাড়ে ১০টায় সড়কের উপর বালি পাথরের স্তুপের কারণে সংকীর্ণ হওয়া সড়কে া সুনামগঞ্জগামী মামুন পরিবহনের যাত্রীবাহী বাস ও সিলেট গামী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি গাড়ী চালক সিলেটের দক্ষিণ সুরমা থানার খালপাড় গ্রামের মৃত. আকল আলীর ছেলে মো. সুহেল মিয়া (৩২) মারা যান।
সর্বশেষ সোমবার একই স্থানে সুনামগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মোটর সাইকেল আরোহী জলিল মিয়া (২০) নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
সিএনজি গাড়ী চালক শহীদ মিয়া জানান, শান্তিগঞ্জ থানার সামনে থেকে সদরপুর বাঁক পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক সোজা। অনেক গাড়ী চালক ভালো সড়ক থাকায় গাড়ীর গতি বাড়িয়ে দেন। পথিমধ্যে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সস্টিটিউটের নির্মানাধীন ভবনের নির্মাণ সামগ্রীর স্তুপের কাছে এসে অন্য গাড়ীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, সুনামগঞ্জ গণপুর্ত বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে ২-৩ দিনের মধ্যে সড়ক থেকে মালামাল সরাবেন তারা।
সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল আমিন বলেন, সড়কে বালি, পাথর না রাখার জন্য ঠিকাদারকে চিঠি দিয়েছি। সড়কে ইট, বালি ও পাথর রাখা যাবে না। তারপরও তারা কেন রাখছেন এই বিষয়টি দেখবো আমি।

  • [১]