- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সড়ক উন্নয়ন কাজে ধীরগতিতে দুর্ভোগ

এনামুল হক, ধর্মপাশা
সড়ক উন্নয়ন কাজে স্বাভাবিকভাবেই যানবাহন ও মানুষ চলাচলে কিছুটা বিঘœ ঘটে থাকে। কিন্তু সেই উন্নয়ন কাজ যদি চলে ধীরগতিতে আর সংশ্লিষ্টদের থাকে উদাসীনতা তাহলে দুর্ভোগের শেষ থাকেনা। মাত্র কয়েক শ’ মিটার উন্নয়ন কাজের জন্য সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হয়েছে সুনামগঞ্জের ধর্মপাশার একটি সড়কে। বিকল্প সড়ক না থাকায় ধর্মপাশা, নেত্রকোনার বারহাট্টাসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ধর্মপাশা-বারহাট্টা সড়কে ধর্মপাশা থানার পাশ থেকে পশ্চিম দিকে মড়ল বাড়ির আ. ছাত্তারের বাড়ির সামনে পর্যন্ত ৫০০ মিটার সড়ক পাকাকরণের জন্য মেসার্স আলিফ বিল্ডার্সকে ঠিকাদার নিযুক্ত করা হয়। ৪৪ লাখ টাকা ব্যয়ে এ সড়ক উন্নয়নের জন্য মাসখানেক আগে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। দুই সপ্তাহ আগে এ সড়কের উন্নয়ন কাজের জন্য
শ্রমিক নিযুক্ত করা হয়। শ্রমিকেরা থানার পাশ থেকে মড়ল বাড়ির বাচ্চু মিয়ার বাড়ির সামনে পর্যন্ত সড়কের পুরনো পাকা অপসারণ করে সড়কের পাশেই ফেলে রাখে। সড়কের কাজে ব্যবহারের জন্য ঠিকাদার ট্রলি দিয়ে বালু এনে সড়ক ও তার পাশে এলোমেলোভাবে রেখে দেয়। ফলে এ সড়ক দিয়ে যানবাহন ও মানুষ চলাচল মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তিকে বালু মাড়িয়ে পায়ে হেঁটে আসা যাওয়া করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়ক দিয়ে রিকশা পর্যন্ত ঠেলে নিয়ে যেতে হয়। ফলে রোগী নিয়ে হাসপাতালে যেতে চাইলেও রিকশাওয়ালারা বিমুখ করছে। বাতাসে বালু ছড়িয়ে আশপাশের ঘরবাড়িকে দূষিত করছে। পথচারীরা বালুতে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট, এ্যালার্জিসহ বিভিন্ন রোগে ভুগছে।
সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও ধর্মপাশা গ্রামের বাসিন্দা জুবায়ের পাশা হিমু বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্ব সাধারণের চলাচলে দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সড়কের কাজটি সম্পন্ন করা উচিত।’
কাজে গতি আছে জানিয়ে মেসার্স আলিফ বিল্ডার্সের ঠিকাদার সাখাওয়াত হোসেন বলেন, ‘ধর্মপাশায় রোলার না থাকার কারণে কাজে কিছুটা দেরি হচ্ছে। কাল পরশু রোলার চলে আসলে দ্রুত কাজ হবে।’
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান বলেন, ‘মোটামোটি দ্রুত কাজ হচ্ছে। রোলার না পাওয়ার কারণে কাজে কিছুটা বিঘœ ঘটছে।’

  • [১]