- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সড়ক ভেঙে যাওয়ায় হালুয়ারঘাট জনশূন্য

স্টাফ রিপোর্টার
তিন দফা বন্যায় শহরের নবীনগর এলাকার সড়ক তিন স্থানে ভেঙে যাওয়ায় ধারারগাঁও-হালুয়ারঘাট এলাকা জনশূন্য হয়ে পড়েছে। গাড়ি চলাচল বন্ধ থাকায় হালুয়ারঘাট ফেরি এলাকা, ধারারগাঁও পয়েন্ট এলাকা এবং ভাঙা সড়কের পার্শ্ববর্তী দোকানপাট বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যবসায় ঝিমিয়ে পড়েছে স্যানক্রেড হাসপাতাল ও একাধিক ‘স’ মিল। দোকানী ব্যবসায়ী, যানবাহন শ্রমিক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বেকার জীবনযাপন করছেন।
স্থানীয়রা জানান, সড়ক ভেঙে যাওয়ায় হালুয়ারঘাট, ধারারগাঁও পয়েন্ট ও ভাঙা সড়কের পাশে অন্তত: ৫০টি দোকান বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন দোকানের মালিক ও কর্মচারী, গাড়ি চলাচল বন্ধ হওয়ায় বেকার হয়েছেন চালক ও শ্রমিক। ‘স’ মিল বন্ধ হওয়ায় শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন।
শহরতলীর কুরবাননগর ইউনিয়নের ধারারগাঁও, কাইমতর, গোদারগাঁও, নতুন ব্রাহ্মণগাঁও এলাকার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। সুরমার উত্তরপাড়ের সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নের মানুষ ফেরিপার হয়ে এই সড়ক দিয়ে প্রতিদিন শহরে আসা-যাওয়া করেন। সড়ক ভেঙে যাওয়ায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন। তেমনি শতাধিক যানবাহন চলাচল বন্ধ হওয়ায় ২ শতাধিক চালক বেকার জীবনযাপন করছেন। দোকানপাট বন্ধ হওয়ায় বেকার হয়েছেন শতাধিক মালিক কর্মচারী।
স্থানীয় বাসিন্দা সাইফুর রহমান বলেন, সড়ক ভাঙায় মানুষ ও গাড়ি চলাচল না থাকায় দিনে যেমন এলাকা নিরব থাকে, রাতের বেলায় সুনসান নিরবে ভয় জাগে মনে। এসব এলাকার শিক্ষার্থী, কর্মচারী ও রোগীরা চলাচল করতে না পারায় নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
ব্যবসায়ী আল আমিন বলেন, বেকার সময় পার করছি আমরা। অপেক্ষায় আছি সড়ক ঠিক হলে আবার ব্যবসা চালু করব। এই এলাকা এখন বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে।
ধারারগাঁও গ্রামের বাসিন্দা মো. আবু তাহের বলেন, সড়ক ভাঙার আগে ফেরিঘাট এলাকা কী জমজমাট ছিল। অনেক মানুষ ফেরিঘাটে দিনমজুরী করে খেটে খেতে পারতো। এখন সড়ক মেরামত না হওয়ায় জনশূন্য পুরো এলাকা।
কুরবাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম বলেন, নবীনগর-ধারারগাঁও সড়ক ভেঙে যাওয়ায় এলাকার মানুষ বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সড়ক ভাঙার সাথে সাথে মানুষের ঘর-বাড়িও ভেঙেছে। সড়কের ভাঙন স্থায়ীভাবে রোধ করা জরুরি প্রয়োজন।

  • [১]