সু.খবর ডেস্ক
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হঠাৎ করে ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। টেস্ট খেলে দুদিন আগে দেশে ফিরেছেন মিরাজ। আগামী ২৭ মার্চ কক্সবাজারে শুরু হওয়া ইমাজিং টিমস এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় তার ডাক পড়ল।
বৃহস্পতিবারই শ্রীলংকার উদ্দেশে তার রওনা হওয়ার কথা। ফলে এই স্কোয়াডের সংখ্যা দাঁড়ালো ১৭-তে। আগামী শনিবার সিরিজের প্রথম ম্যাচ।
এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন গণমাধ্যমকে জানায়, দলে একজন অফ স্পিনারের প্রয়োজনীয়তার কথা টিম ম্যানেজমেন্ট জানায়। তাদের চাহিদা অনুযায়ী মিরাজকে শ্রীলংকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
মিরাজ টেস্টে নিয়মিত খেললেও ওয়ানডেতে এখনও খেলার সুযোগ পাননি।
শ্রীলঙ্কায় বাংলাদেশের ওয়ানডে মিশন শুরু হবে ২৫ মার্চ। এরপর ২৮ মার্চ ও ১ এপ্রিল বাকি দুটি ওয়ানডে খেলবে সফরকারীরা। ওয়ানডে শেষে ৪ ও ৬ এপ্রিল দুটি টি-টোয়েন্টি দিয়ে ৪০ দিনের সফর শেষ করবে মাশরাফি-মুশফিকরা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ।