স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সড়কে পার্কিং করা তিনটি আন্তঃজেলা বাস পুলিশ আটকে রাখা ও বাসস্টেশন বর্ধিত করার দাবিতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। হঠাৎ করে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন পথযাত্রীরা।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকার সড়ক থেকে শ্যামলী, মামুন ও সাকিল পরিবহনের তিনটি আন্তঃজেলা বাস অবৈধ পার্কিং’এর দায়ে পুলিশ আটকে রাখে। এর প্রতিবাদে সকাল সাতটা থেকেই সড়কের স্থানে স্থানে পরিবহন শ্রমিকদের অবস্থান। আন্তঃজেলা বাস, আঞ্চলিক বাস, মাইক্রোবাস, ট্রাক, লেগুনা, সিএনজি কিছুই চলছে না সকাল থেকে। জরুরি প্রয়োজনে ভোর থেকেই আসা বিভিন্ন গন্তব্যের যাত্রীরা শহরের পুরাতন বাসস্টেশন এবং মল্লিকপুরের নতুন বাসস্টেশনে এসে চরম বেকায়দায় পড়েছেন। অপেক্ষায় আছেন কখন বাস ছাড়বে।
সুনামগঞ্জ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি বুরহান উদ্দিন জানালেন, আটক গাড়ি না ছাড়া এবং পুলিশের অসৌজন্যমূলক আচরণের বিচার না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। তার দাবি টার্মিনালে বাস সংকুলান না হওয়ায়, টার্মিনাল বর্ধিত করার দীর্ঘদিনের দাবিও কেউ আমলে নিচ্ছে না।
সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ্ বললেন, সড়কের উপরে বাস রাখায় জনসাধারণের ভোগান্তি হয়। সড়কে তৈরি হয় যানজট। আইন—শৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভায় এই বিষয়টি বার বারই আলোচনা হয়। এই অবস্থায় ট্রাফিক কন্টে্রালের জন্য তিনটি বাস পুলিশ লাইন্সে এনে রাখা হয়েছে। এ কারণে ধর্মঘট ডেকে জনগণকে ভোগান্তিতে ফেলা একেবারেই অযৌক্তিক।
প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে ধর্মঘটের অচলাবস্তা দূর করবেন এটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর।