- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাঁসের খামারে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিন

সুনামগঞ্জের প্রত্যন্ত ভাটি অঞ্চলে দরিদ্র মানুষের বিকল্প কর্মসংস্থান হিসাবে হাঁসের খামার স্থাপন ইতোমধ্যে ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। গত বিশ বছরে ধীরে ধীরে এই কর্মকা-টি গ্রামীণ অর্থনীতি তথা দারিদ্র বিমোচনে সুদূরপ্রসারি ভূমিকা রেখে আসছে। ক্ষুদ্র আয়ের লোকজনই এই পেশার সাথে জড়িত। এরা খামার স্থাপনের পূঁজি অধিকাংশক্ষেত্রেই নানা ঋণদানকারী সংস্থা থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণের মাধ্যমে সংগ্রহ করেছেন। সম্প্রতি অবশ্য এই খাতে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণও বিতরণ করা হচ্ছে। বিশাল হাওর অঞ্চলের জলাশয়গুলোতে প্রাকৃতিক খাদ্যের সহজলভ্যতা ও এই এলাকার ভৌগোলিক অবস্থান ও জলবায়ু হাঁস পালনের উপযোগী হওয়ায় এর বিস্তৃতি ঘটেছে। তবে জেলার অর্থনীতি, কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে অবদান রক্ষাকারী এই খাতটির রয়েছে নানা প্রকারের ঝুঁকি। যে ঝুঁকিটি সবচাইতে বেশি সেটি হলো রোগের প্রকোপ। কিছু ভাইরাসজনিত রোগ এক দু’টি হাঁসের শরীরে ঢুকে পড়লে অল্প সময়ের মধ্যে ওই ভাইরাস খামারের সকল হাঁসকে আক্রান্ত করে ফেলে। এই ভাইরাস এক খামার থেকে অন্য খামারে স্থানান্তরিত হতে থাকে। এভাবে দেখা যায় একটি এলাকার অনেকগুলো খামারের হাজার হাজার হাঁস মরে যাচ্ছে। এতে পূঁজি ও পেশা হারিয়ে পথে বসে যান স্বল্প মূলধনের খামারিরা। এরা পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন না। সরকারি নজরও এইসব খামারিদের দিকে গুরুত্ব সহকারে দেওয়া হয় না। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে আমাদের জামালগঞ্জ প্রতিনিধির পরিবেশিত ‘জামালগঞ্জে অজানা ভাইরাস/কয়েক হাজার হাঁসের মৃত্যু’ শিরোনামে পরিবেশিত সংবাদ থেকে জানা যায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের কয়েকটি গ্রামে এক অজানা ভাইরাসের সংক্রমণে এরই মধ্যে কয়েক হাজার হাঁসের মৃত্যু ঘটেছে। এর আগেও শাল্লা ও জামালগঞ্জে ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে ব্যাপকভাবে হাঁস নিধনের খবর পাওয়া গিয়েছিল। দ্রুত বর্ধনশীল একটি অর্থনৈতিক কর্মকা-ের এমন ঝুঁকি দুশ্চিন্তার বিষয়। আমরা বিষয়টির উপর প্রাণীসম্পদ বিভাগের জরুরি ব্যবস্থা গ্রহণ কামনা করি।
আগে আমরা শাল্লার ক্ষেত্রে যেমন দেখেছি এবারও জামালগঞ্জের ক্ষেত্রেও প্রাণীসম্পদ বিভাগের একই অবস্থা লক্ষ্য করেছি। সর্বত্রই এই হাঁসের গণসংক্রমণের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলার প্রাণীসম্পদ বিভাগকে তাৎক্ষণিকভাবে তৎপরতা দেখা যায়নি। দ্রুত উপদ্রুত অঞ্চলে গিয়ে ভাইরাস ঠেকানো ও এর প্রতিরোধে খামারিদের তাঁরা উপযুক্ত পরামর্শ দিয়েছেন, এমন তথ্য পাওয়া যায় না। অর্থাৎ কিছু মানুষের পেশা বিনষ্টকারী একটি দুর্যোগকে দায়িত্বপ্রাপ্ত সরকারি দপ্তর পাত্তা দেননি। তাদের মনোভাব এমন, যার হাঁসের অসুখ হয়েছে তারই দায়িত্ব তা সারানোর। না পারলে খামার নষ্ট হবে, এতে কার কী। এই মনোভাব যেকোন উন্নয়নকর্মকা-ের জন্য শুধু অন্তরায়ই নন বরং এটি চরম অপরাধ বটে। আমরা মনে করি এই চরম উদাসীনতা ও দায়িত্বহীনতার বিষয়টি বিভাগীয়ভাবে পর্যালোচনা করা উচিৎ।
বাংলাদেশ নানাক্ষেত্রে উন্নয়ন করছে সত্য। সরকার এজন্য বাহবাও নিচ্ছেন। এই কৃতিত্বে ভাগ বসাচ্ছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। সরকার, সরকারি প্রতিষ্ঠানের তো সবচাইতে বড় অবদান অবশ্যই এ্ই উন্নয়নের অনুঘটক হিসাবে। কিন্তু যারা এর মূল কৃতিত্ব পাওয়ার দাবিদার তারা হলেন আমাদের সংগ্রামী মানুষ। এই মানুষ সবচাইতে কম সুযোগ-সুবিধা নিয়ে যাবতীয় প্রতিকূলতাকে জয় করে নানা ক্ষেত্রে সফলতা অর্জন করছেন। আমাদের মাঠ পর্যায়ে এই সংগ্রামী মানুষজনকে সহায়তা দেয়ার জন্য যেসব সেবাদানকারী প্রতিষ্ঠানকে মোটা অংকের বেতন দিয়ে রাখা হয়েছে তারা আসলে কী করছেন তা গবেষণার বিষয়বস্তু বটে। তবে এ বিষয়ে জনগণের মনোভাব নেতিবাচক। এই অবস্থা থেকে দ্রুত উত্তরণ ঘটানো আবশ্যক।

  • [১]