পিসি দাশ, শাল্লা
হাওর পাড়ের শাল্লায় ঈদ উৎসব পালনে করুণ দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে । চৈত্র মাসে কাঁচা ধান অকাল বন্যায় তলিয়ে যাওয়ায় এই এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে । তাই খুশির ঈদ উৎসব পালন করতে নিরুপায় হয়ে অনেকেই বাজারে হাঁস বিক্রি করেছেন ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সদরবাজারে ইয়ারাবাদ গ্রামের ৭২ বছরের শেরআলীকে দুইহাতে ২ টি রাজহাঁস নিয়ে আসতে দেখা যায়। । এ নিয়ে কথা হয় তার সাথে, তিনি বলেন কি করব সাংবাদিক বাবাজি ১৩ কেড় (কেদার) জমি করছিলাম কাঁচাধান চৈত মাসে তলাইল, এক মুঠ ধান নাই বাড়িত, অন্য বছরের মত ঈদে আনন্দ করন জাইত না । টেকা পইসা নাই এর লাগি আমার ২টা হাঁস বেচতাম আনছি ।
তিনি দুঃখ করে বলেন বাবাজি আস (হাঁস) বেছনও আইয়াও বিপদে পরছি। যে আস ৮৫০ টেকায় বেছন জাইত, এখন দাম কয় ৪৫০ টেকা । না বেছলেও চলেনা। নাতি, নাতিন দের ঈদের দিনেএকটু সেমাইত দেওয়ন লাগব । এ ছাড়া উপায় নাই বলেই তিনি হাঁস ২ টি হাতে নিয়ে রাস্তায় হাঁটতে শুরু করেন ।
কিছুক্ষণ পর বাজারের মসজিদের পাশে মন্নানপুর গ্রামের শাহআলম (৪২ কে তার ৮ বছরে ছেলে শামীনুরকে সাথে নিয়ে ২ টি রাজহাঁস বিক্রির জন্য রাস্তায় হাঁটতে দেখা যায় । হাঁস নিয়ে বাজারে হাটছেন কেন জানতে চাইলে শাহ আলমের ছেলে শামীনুল বলে হাটতাছি আস (হাঁস) বেচনের লাগি । কেন হাঁস বেচবা জানতে চাইলে শাহআলম বলেন, ভাই ঈদ করার টেকা নাই । ৬ কেড় জমি করছিলাম সব তলাইয়া গেছে । এখন কিছু মাছ মাইরা এক রকমে চলতাছি । তিনি আরো বলেন আমার ৫ টা আসের মাঝে ২ ডা বেইছা ছেলের লাগিএকটা শার্ট আর কিছু সেমাই টেমাই নিমু ।