স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ৩৬ টি বৃহৎ হাওররক্ষা বাঁধ নির্মাণের জন্য হাওররক্ষা বাঁধ নির্মাণের স্কীম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জেলা ও উপজেলা কমিটির পাঠানো অতিরিক্ত চাহিদার বিপরীতে অর্থ ছাড় করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলীর কাছে অতিরিক্ত অর্থ ছাড়ের এই চিঠি পাঠিয়েছেন। পাউবো সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের হাওররক্ষা বাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় ২৮ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু বাঁধ নির্মাণে বরাদ্দ চাওয়া হয় ৭২ কোটি ৩৩ লাখ টাকা।
পানি সম্পদ মন্ত্রণালয় অতিরিক্ত ৪৩ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে।
হাওররক্ষা বাঁধ নির্মাণের স্কীম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় গত ২৬ নভেম্বর। সভায় জানানো হয় সুনামগঞ্জ পওর বিভাগ-১’এর আওতায় থাকা সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার হাওররক্ষা বাঁধের জন্য বরাদ্দ পাওয়া গেছে ১২ কোটি ৩৯ লাখ টাকা। অথচ. এই উপজেলাগুলোর পাঠানো প্রকল্প বাস্তবায়ন করতে হলে টাকা প্রয়োজন ৪০ কোটি ৩ লাখ ২১ হাজার টাকা। সেই হিসাবে অতিরিক্ত আরও ২৭ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়। সুনামগঞ্জ পওর বিভাগ-২’এর আওতায় থাকা দিরাই, শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক ও দোয়ারাবাজার হতে পাঠানো প্রকল্প বাস্তবায়ন করতে হলে ৩২ কোটি ৩০ লাখ ৮৫ হাজার টাকা প্রয়োজন। অথচ. এখানে বরাদ্দ পাওয়া যায় ১৬ কোটি ৪৯ লাখ টাকা। এই অংশে ১৯ কোটি ৬ লাখ ৮৫ হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৮ নভেম্বর এই অতিরিক্ত বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। এই চিঠির উত্তর না পেয়ে চিন্তিত ছিলেন হাওররক্ষা বাঁধ নির্মাণের স্কীম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জেলা ও উপজেলা কমিটি।
শুক্রবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুইয়া জানান,হাওর রক্ষা বাঁধ নির্মাণের জন্য তারা যা বরাদ্দ চেয়েছিলেন, তাই অনুমোদন দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় বরাদ্দের এই চিঠি পাওয়া গেছে।’