- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরাঞ্চলভাতা থেকে বঞ্চিত বেসরকারি শিক্ষকরা

বিশেষ প্রতিনিধি
হাওরাঞ্চল ভাতা থেকে বঞ্চিত বেসরকারি শিক্ষকরা। ভাতা বঞ্চিত বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য উপজেলায় উপজেলায় ‘হাওরভাতা বাস্তবায়ন’ কমিটি গঠন করছেন তারা। আজ বুধবার এই দাবিতে উপজেলায় উপজেলায় সমাবেশ করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করবেন মাধ্যমিক শিক্ষকরা।
জানা যায়, দেশের ১৬ টি হাওরাঞ্চলের উপজেলা কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্ট্রগ্রাম, চট্টগ্রামের সন্ধীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালির হাতিয়া, কুড়িগ্রামের চৌহালী, রৌমারী ও চর রাজিবপুর, পটুয়াখালির রাঙ্গাবালি, ভোলার মনপুরা, সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার, হবিগঞ্জের আজমিরিগঞ্জ এবং নেত্রকোণার কালিয়াজুরি সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষকরা হাওরভাতা পাচ্ছেন। ২০১৯ সালের ৫ মে থেকে প্রারম্ভিক মূল বেতনের ২০ শতাংশ ভাতা দেওয়া হচ্ছে তাদের। কিন্তু একই কারিকুলামে পাঠদানকারী এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকরা এই ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।
গেল ১৫ জানুয়ারি সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও হবিগঞ্জের শিক্ষক প্রতিনিধি দল মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাদের কষ্ট্রের কথা জানিয়ে এসেছেন। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করবেন বেসরকারি শিক্ষকরা।
দোয়ারাবাজার উপজেলা হাওরভাতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উপজেলার মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না মিয়া জানালেন, হাওরাঞ্চলের উপজেলা হিসেবে স্বীকৃত উপজেলাগুলোতে হাওরভাতা বাস্তবায়ন কমিটি গঠনের কাজ শীঘ্রই শেষ করবেন তাঁরা। বুধবার উপজেলায় উপজেলায় সমাবেশ হবে। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে। দাবি আদায়র জন্য নিয়মতান্ত্রিক কর্মসূচী দেবেন তাঁরা। তিনি বলেন, একসময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারী বেতন ভাতার ৫০ ভাগ পেতেন। আন্দোলনের মাধ্যমেই শতভাগ বেতন ভাতা পাচ্ছেন এখন সকলে। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে হাওরভাতার দাবিও আদায় হবে।
শাল্লার শাসখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন চৌধুরী বলেন, কারিকুলাম একই ধরণের। আমরা এবং তারা (সরকারি স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীরা) সমান পরিশ্রম করি। তারা হাওরভাতা পাবেন, আমরা পাবো না, এটা হতে পারে না। গত বছরের ১৫ জানুয়ারি রাজধানীতে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির নিকট দাবি জানিয়ে এসেছি আমরা। আমাদের একটি প্রতিনিধি দল মহামান্য রাষ্ট্রপতি সঙ্গে দেখা করে এই বৈষম্যের কথা জানিয়েছেন।
জেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,‘সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা সমানভাবে পরিশ্রম করেন। এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরাও এখন শতভাগ বেতন ভাতা পাচ্ছেন। হাওরভাতাও হয়তো পর্যায়ক্রমে পেতে পারেন তারা।

  • [১]