ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে তৃতীয় শ্রেণিতে পড়–য়া সোহাগ মনি নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোহাগ মনি ধর্মপাশা সদর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা শহীদ মজুমদারের ছেলে ও দেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। রবিবার দুপুরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পাথকুড়া গ্রামের সামনের হাওরে এ ঘটনা ঘটে।
সোহাগের পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে সোহাগের বাবার নানী শাশুড়ী খুব অসুস্থ্য। তাই সোহাগের মা তার নানীকে দেখতে সোহাগকে নিয়ে পাথকুড়া গ্রামে যায়। রোববার দুপুর ১২টার দিকে সোহাগ বাড়ির সামনে হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা জাল ফেলে তাকে উদ্ধার করে প্রথমে মধ্যনগর উপজেলা সদরে নিয়ে যায়। কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর দুইটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহগকে মৃত বলে ঘোষণা করে।