স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে হাওরের ফসলহারা কৃষক পরিবারের ২৬০জন শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ের নতুন পোশাক দেওয়া হয়েছে। জেলার শাল্লা উপজেলার চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সহদেব পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীদের গতকাল শনিবার দুপুরে এই নতুন পোশাক দেওয়া হয়।
ঢাকার খিলগাঁও এলাকার সামাজিক সংগঠন পল্লীমা সংসদের উদ্যোগে এই পোশাক বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন। নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীরা খুশি হয়।
পোশাক বিতরণ উপলক্ষে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাছুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ হাফিজুর রহমান, বর্তমান সভাপতি প্রকৌশলী এম. হাফিজুর রহমান, সংগঠনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমান, পল্লীমা সংসদের অঙ্গ সংগঠন পল্লীমা গ্রীণের সদস্যসচিব আনিসুল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি সিংহা, স্থানীয় বাসিন্দা ধীরেন্দ্র দাস প্রমুখ।
পল্লীমা সংসদের সভাপতি এম. হাফিজুর রহমান বলেন, স্বেচ্ছাসেবী হিসাবে এই সংগঠনের সদস্যরা শিক্ষা, পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। প্রতি বছরই সংগঠনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এবার হাওরের পরিস্থিতি বিবেচনায় সুনামগঞ্জে এটি বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, হাওরের এই সংকটে সরকার যেমন মানুষের পাশে আছে। একইভাবে অন্যদেরও থাকতে হবে। ভবিষ্যতে যাতে এই সংকট আর না হয় সেটা নিশ্চিত করতে হবে। স্থানীয় লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন, এবারও হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ হবে। এসব কাজ নিজেদের মনে করে তদারকি করতে হবে। কাজে কোনো গাফিলতি সহ্য করা হবে। কোনো অনিময় হলে জেলা প্রশাসনকে জানাবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
পোশাক বিতরণ শেষে শিক্ষার্থীরা গান পরিবেশন করে। এর আগে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। ও অতিথিরা।