স্টাফ রিপোর্টার
নির্ধারিত সময় থেকে দুই মাস পরও সুনামগঞ্জের হাওরগুলোর ভাঙা ক্লোজার ও বাঁধ উচু করণের কাজ শুরু হয়নি। যার কারণে জেলাজুড়ে উদ্বেগ-উৎকন্ঠা শুরু হয়েছে। কবে হাওরের কাজ শুরু হবে তা জানেন না হাওরপাড়ের কৃষক ও স্থানীয় লোকজন।
ইতোপূর্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ নিয়ে জেলা প্রশাসকও উদ্বেগ প্রকাশ করেছেন। কাজ দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন তিনি। এখনই কাজ শুরু না করলে সময়মত কাজ শেষ করা যাবে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, চলতি বোরো মৌসুমে জেলার ৩৭টি বড় হাওরসহ মোট ৪২টি হাওরের ২২৫ টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) এবং ৪৮ টি প্যাকেজে ঠিকাদারদের মাধ্যমে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এবারের মোট বরাদ্দ ধরা হয়েছে পিআইসিতে ১০ কোটি ৭২ লাখ টাকা এবং দরপত্রের মাধ্যমে কাজ করার জন্য ৪০ কোটি টাকা। নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। কিন্তু ফেব্রুয়ারির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও অনেক বাঁধে কাজ শুরু হয়নি।
পাউবোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে পিআইসিদের অনুকূলে অর্থ ছাড় দেয়া হয়েছে। অধিকাংশ বাঁধের কাজ শুরু হয়েছে। পিআইসিদের কাজ শুরু করতে তাগিদ দেয়া হয়েছে। এখন কাজ পুরোদমেই চলছে।
পাউবো সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে মোট ২২টি পিআইসি। এর মধ্যে জামালগঞ্জ সদরের ২টি, বেহেলীতে ৯টি, সাচনাবাজারে ৩টি, ফেনারবাঁকে ৭টি ও ভীমখালীতে ১টি। তাহিরপুর উপজেলায় শ্রীপুর উত্তর ইউপিতে ২টি, শ্রীপুর দক্ষিণে ৮টি, বড়দল দক্ষিণে ৪টি, বালিজুরীতে ১টি, বাদাঘাটে ২টি ও সদর ইউপিতে ১টিসহ মোট পিআইসি ১৮টি। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পশ্চিম বীরগাঁও ইউপিতে ১টি, দরগাপাশায় ১টি, পাথারিয়ায় ২টি, জয়কলসে ৪টি ও পূর্ব পাগলা ইউপিতে ২টিসহ মোট পিআইসি ১০টি। ছাতক উপজেলায় শিংচাপইড় ইউপিতে ১টি, চরমহল্লায় ১টি, নোয়ারাইয়ে ১টিসহ মোট ৩টি। দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউপিতে ১টি, পান্ডারগাঁও ইউপির ১টি, সুরমায় ৫টি, লক্ষীপুরে ১টি, সদর ইউপিতে ৩টিসহ মোট ১১টি। ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউপিতে পিআসি ২টি, জয়শ্রীতে ৪টি, বংশিকুন্ডা দক্ষিণে ২টি, চামরদানীতে ৫টি, মধ্যনগর ইউপিতে ৩টি, সুখাইর রাজাপুর উত্তরে ৬টি ও সুখাইর রাজাপুর দক্ষিণ ইউপিতে ১১টিসহ মোট ৩০টি পিআইসি রয়েছে।
হাওর এলাকার ফেব্রুয়ারি মাসের প্রায় দুই সপ্তাহ পার হলেও পিআইসি’র কাজও শুরু হয়নি, ঠিকাদারদেরও দেখা মিলছে না। কিছু কিছু প্রকল্পে কাজ শুরু হলেও অধিকাংশ প্রকল্পে কাজ শুরু হয়নি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের আওতাভুক্ত পাগনার হাওরের ৭টি পিআইসির মধ্যে ৪টিতে কাজ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাজ শুরু হয়নি এলাকার আমানীপুরের বাঁধ, আলীপুরের বাঁধ ও বগলাখালী বাঁধের কাজ। একই উপজেলার বেহেলী ইউনিয়নের আওতায় হালির হাওরের ৬টি ও শনির হাওরে ২টিসহ ৮টি পিআইসি থাকলেও এখন অধিকাংশ প্রকল্পগুলোর কাজ শুরু হয়নি। (বদলপুর গ্রামের কাছে) গনিয়া বিলের বাঁধের কাজ শুরু হয়েছে। এদিকে হাওর প্রধান তাহিরপুর উপজেলার ১৮টি পিআইসির মধ্যে অধিকাংশ পিআইসি হাওরে বাঁধের কাজ শুরু করেনি বলে জানা গেছে। একই অবস্থা জেলার অন্যান্য উপজেলাগুলোতে।
রবিবার বিকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হাওরের বাঁধ নিয়ে পাউবো কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পিআইসি ও উপজেলা হাওর রক্ষা কমিটির লোকজনকে নিয়ে বৈঠক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, হালীর হাওরের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারি প্রকৌশলী (এসও) আলী রেজা, পাগনার হাওরের দায়িত্বপ্রাপ্ত পাউবোর উপ সহকারি প্রকৌশলী (এসও) নিহার রঞ্জন দাস, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, গণমাধ্যম প্রতিনিধি আকবর হোসেন, কৃষক প্রতিনিধি আব্দুল খালেকসহ উপজেলার সকল পিআইসির সভাপতিগণ। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী হাওর রক্ষা সকল বাঁধের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত পাগনার হাওরের দায়িত্বপ্রাপ্ত পাউবোর উপ সহকারি প্রকৌশলী (এসও) নিহার রঞ্জন দাস ও ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার জানান, পাগনার হাওরের কাজ প্রায় অর্ধেকের চেয়েও বেশী হয়েছে। সকল প্রকল্পেই কাজ চলছে। হালির হাওরের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারি প্রকৌশলী (এসও) আলী রেজা ও বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার জানান, রবিবার থেকে দুইটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। একটিতে পানি নিস্কাশনের জন্য কাজ পুরোদমে করা সম্ভব হচ্ছে না।
বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদারের সাথে কথা বলতে চাইলে বেশ কয়েকবার ফোন করলেও ফোন ধরেন নি তিনি। প্যানেল চেয়ারম্যান মশিউর রহমান বলেন,‘বেশকিছু প্রকল্পের কাজ শুরু হয়েছে। আমারও একটি প্রকল্প রয়েছে, কিন্তু হাওরের পানি নিস্কাশন না হওয়ায় কাজ শুরু করতে পারিনি। খুব তাড়াতাড়ি কাজ শুরু করব।’
মধ্যনগর থানার চামরদানী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না বলেন, ‘মধ্যনগরের হাওরে বাঁধের মাটি কাজ শুরু হয়নি। বাঁধের কাজ শুরু করতে এখন কোথাও কোন সমস্যা নেই। সকল ক্লোজার ও বাঁধের পাশ থেকে পানি সরে গেছে। এলাকার সাধারণ মানুষ ও কৃষকরা জানার চেষ্টা করছেন বাঁধের কাজ কবে শুরু হবে। পিআইসিরা জানিয়েছেন দু’একদিনের মধ্যেই তারা কাজ শুরু করবেন।’
জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন,‘ গত বছর যে স্থান দিয়ে হালি হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে গিয়েছিল। এইবার সেই স্থানে এখন পর্যন্ত এক কোদাল মাটিও দেয়া হয়নি।’ একইসাথে পাগনা ও ধানকুনিয়া হাওরের সকল বাঁধের কাজ শুরু হয়নি বলে জানান তিনি।
জামালগঞ্জের পাগনার হাওরের দায়িত্বপ্রাপ্ত পাউবোর উপ সহকারি প্রকৌশলী (এসও) নিহার রঞ্জন দাস বলেন,‘পাগনার হাওরের সকল বাঁধের কাজ শুরু হয়েছে। কাজ শুরু হয়নি এটা সঠিক নয়, কাজ পুরোদমে চলছে। আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারব।’
হালির হাওরের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারি প্রকৌশলী (এসও) আলী রেজা বলেন,‘ হালির হাওরে বেহেলী, জামালগঞ্জ সদর, ফতেপুর, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মোট ১০টি পিআইসি রয়েছে। প্রায় সবক’টি পিআইসি কাজ শুরু করছে। হাওরের পানি নিস্কাশনের জন্য শুধুমাত্র একটি কাজ শুরু করা সম্ভব হয়নি।’
তাহিরপুরের শনির হাওরের দায়িত্বপ্রাপ্ত উপ সহকরি প্রকৌশলী (এসও) শাহ আলম বলেন,‘ হাওরের বাঁধের কাজ শুরুর জন্য ১৫ দিন আগেই টাকা ছাড় দেয়া হয়েছে। শনির হাওরে মোট পিআইসি ৭টি, এর মধ্যে ৫টিতেই কাজ শুরু হয়েছে। এখন হাওরে ধান রোপণ শেষ হয়নি। শ্রমিক ও মাটি সংকট রয়েছে। বাঁধের বাঁশ নেয়া হয়েছে। ঝুঁিকপূর্ণ বাঁধগুলোর কাজ চলছে। বাকীগুলোর কাজ তাড়াতাড়িই শুরু করা হবে। ’