শাল্লা প্রতিনিধি
হাওরাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শাল্লা উপজেলার নবপ্রতিষ্ঠিত ভাটি বাংলা কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষাদান কার্যক্রম শুরু হয়েছে। ২০১৪ সনে প্রতিষ্ঠিত ভাটিবাংলা কলেজটিতে রবিবার আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণির ক্লাস নেন শিক্ষকরা।
দিরাই-শাল্লার প্রবীণ সংসদ সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত শাল্লা উপজেলাধীন নিয়ামতপুর মৌজার আনন্দপুর গ্রামের পাশে প্রায় ৩ একর জমির উপর ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি এলাকার কয়েকজন যুবককে নিয়ে ভাটি বাংলা কলেজের প্রতিষ্ঠা করেন। প্রথম বারের মতো কলেজটিতে পাঠদান শুরু হওয়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে।
আনুষ্ঠানিকভাবে পাঠদানের শুরুতে রবিবার ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি রামানন্দ দাসের সভাপতিত্বে ও অধ্যক্ষ রন্টু কুমার দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য হবিবপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, প্রভাষক জাকির হোসেন কলেজ পরিচালনা কমিটির সদস্য প্রেসক্লাবের সভাপতি পিসি দাশ পীযূষ, সদস্য কালাই মিয়া তালুকদার, কলেজ পরিচালনা কমিটির সদস্য বর্তমান ইউপি সদস্য টিপু সুলতান প্রমুখ। এসময় ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।