জামালগঞ্জ প্রতিনিধি
হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পরিবেশবাদী সংস্থার নেতৃবৃন্দ। রবিবার সকালে জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের ক্লোজার ও বেড়িবাঁধ পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছেন তারা।
ধর্মপাশা উপজেলার ধারাম ও ধানকুনিয়া হাওরের বিভিন্ন বেড়িবাঁধ ও ক্লোজারের সরেজমিনে চলমান কাজ দেখেন ও কাজের নিয়োজিত লোকজনের সাথে হাওরের বাঁধের সমস্যার ব্যাপারে খোঁজ খবর নেন তারা। পরে জামালগঞ্জ উপজেলার হালির হাওরের বেহেলী ইউনিয়নের মদনাকান্দি, মাহমুদপুর, আছানপুর, হরিপুর থেকে সুন্দরপুর, কালীবাড়ী সহ লক্ষীপুরের বাঁধের কাজ পরিদর্শন করেন। সরকারী হিসেব মতে গেল ২৮ শে ফেব্রুয়ারী কাজ শেষ করার কথা
থাকলেও এখনো হালির হাওরের অর্ধেকের চেয়ে বেশী কাজ বাকী রয়ে গেছে।
পরিদর্শন দলে বাংলাদেশ নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, সেন্টার ফর ন্যাচারাল রির্সোস ষ্টাডিজের নির্বাহী পরিচালক এম আনিসুল ইসলাম, বেসরকারী সংস্থা অক্সফামের আইসিটি ডেভেলেপমেন্টের কো-অর্ডিনেটর তাপস রঞ্জন চক্রবর্তী, সেন্টার ফর ন্যাচারাল রির্সোস স্টাডিজের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইয়াহিয়া সাজ্জাদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাড.খলিলুর রহমান, বেসরকারী সংস্থা সিএনআরএসের আইআরডিসির জুলফিকার চৌধুরী রানা, স্থানীয় গণমাধ্যমকর্মী আকবর হোসেন প্রমুখ।
হালির হাওরের কালীবাড়ী ক্লোজারের দায়িত্বরত স্থানীয় বেহেলী ইউনিয়নের ইউপি সদস্য মনু মিয়াও কাজ অর্ধেক বাকী রয়ে যাবার কথা স্বীকার করে বলেন, হালির হাওরের ফসল রক্ষা বাঁধের সবচেয়ে ঝুঁকিপুর্ণ বাঁধ কালীবাড়ী ৪৮ লক্ষ টাকা বরাদ্দের বিপরীতে মাত্র ১৮ লক্ষ টাকা পেয়েছি। পাউবোর অর্থ ছাড় দিতে বিলম্ব হওয়ায় আমরাও কাজ নিয়ে ঝুঁকির মধ্যে পড়েছি।
জেলার বিভিন্ন হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করে পরিবেশবাদী সংস্থার নেতৃবৃন্দ অসন্তোষ প্রকাশ করে বলেন, হাওরের সকল বাঁধ দ্রুত নির্মাণের দাবি আমাদের। সোমবার জেলা সদরের শহীদ মৃক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে সকল গনমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন তারা।