আমিনুল ইসলাম, তাহিরপুর
শনির হাওর ডুবে গেছে। সোমবার রাত ৯টায় হাওর পারের তাহিরপুর উপজেলার রাজধরপুর গ্রামের সম্মূখে লালুর গোয়ালা বাঁধ ভেঙ্গে প্রায় ১২ হাজার হেক্টর ফসলী জমি ডুবে গেছে। এর আগে হাওরের ঝালখালি ও নানন্টুখালি বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকা শুরু হয়। এখন হাওরের ৩টি উপজেলার ৫০টিরও গ্রামের মানুষের মধ্যে চলছে হাহাকার। এ হাওরের ফসল ডুবে যাওয়ায় ২০০ কেটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জেলার তাহিরপুরের ৩টি ইউনিয়ন,জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুরের কিছু অংশ নিয়ে শনির হাওরের অবস্থান। এ হাওরে তাহিরপুরের অংশে জমি রয়েছে কৃষি অফিসের হিসাব অনুযায়ী ৬ হাজার ৩শ ৩৮ হেক্টর। অন্য ২ উপজেলায় রয়েছে বাকী জমি। সোমবার সকালে হাওরপাড়ের পাড়ের মানুষজন প্রথমে খবর পায় রাধানগর গ্রামের সম্মুখে ঝালখালী বাঁধটিতে ফাটল ধরেছে এবং হাওরে পানি ঢুকছে। এ সংবাদ পেয়ে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন, থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ ও শনির হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, সমাজসেবক এমরান হোসেন ও এলাকার কয়েক শ’ কৃষক সেখানে গিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করে বাঁধের সম্মুখে বালু বোঝাই ভলগেট নৌকা আটকিয়ে বাঁধের ভাঙন রোধের চেষ্টা করা হয়।
রাতে লালুর গোয়ালার বাঁধটি ভেঙ্গে যাওয়ায় শনির হাওরকে বাঁচানোর যাবতীয় চেষ্টা বিফলে যায়। হাওরপাড়ের গ্রাম ভাটি তাহিরপুর গ্রামের কৃষক ইউনূছ আলী মঙ্গলবার কাঁদতে কাঁদতে ডুবে যাওয়া জমির কাঁচা ধান মুখে দিয়ে চিবুনি দিচ্ছিলেন। বিলাপ করে সে সময় তিনি বলছিলেন,‘আল্লাহ আমারে কেরে ফাইননে ভাসাইয়া নেয় না,বড়িত গিয়া বাইচ্ছ্যা কাইচ্ছ্যারে (ছেলে-মেয়েদের)কিতা খানি দিতাম।’
কান্না শুধু ইউনূছ আলীর নয়, শনির হাওর পাড়ের বারুঙ্কা, লোহাচুরা, আনোয়ারপুর, চিকসা,পাতারী, তিওরজালাল, বীরনগর, উজান তাহিরপুর, ধুতমা, মধ্য তাহিরপুর, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি, গোবিন্দশ্রী, শাহগঞ্জ, শ্রীপুর, নিশ্চিন্তপুর, সুলেমানপুর, রামজীবনপুর, গোপালপুর, রাধানগর, ইসলামপুর, মশালঘাট, শাহপুর, রাজিনপুর, সাতগাঁও সহ ৫০টিরও বেশী গ্রামের মানুষের।
লালুর গোয়ালা বাঁধ ভাঙা প্রসঙ্গে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন,‘বাঁধটি এক ফুট উঁচু এবং উভয় পাশে বাঁশ প্যারাসাইটিং করলে ভাঙত না।’
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন বলেন,‘বাঁধ ভেঙ্গে শনির হাওর তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করতে প্রয়োজনীয় সব উদ্যোগই গ্রহণ করবে উপজেলা প্রশাসন।’