- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরে ধান কাটার শ্রমিক সংকট ধোপাজান বালুমহাল বন্ধ ঘোষণা

আকরাম উদ্দিন
সুনামগঞ্জের হাওরে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ঝুঁকিপূর্ণ ফসল রক্ষা বাঁধ ও পাহাড়ি ঢলের হুমকিতে রয়েছে হাওরের বোরো ধান। গত বৃহস্পতিবার রাতেও শিলাবৃষ্টিতে বিভিন্ন হাওরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ অবস্থায় সুনামগঞ্জের সবচেয়ে বড় বালুমহাল চলতি নদীতে (ধোপাজান) বালু উত্তোলন বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে সুরমা নদী ও চলতি নদীতে মাইকিং করা হয়। আগামি ১৫দিন নদীতে বালু উত্তোলন বন্ধ থাকবে জানিয়ে সকল শ্রমিকদের হাওরে ধানা কাটায় যুক্ত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।
সুনামগঞ্জ জেলায় এবার দুই লাখ ২১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফসলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট লাখ ৮৪হাজার মেট্রিক টন।
কৃষকেরা জানান, হাওরের ধান কাটায় এক সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকেরা আসতেন। গত কয়েক বছর থেকে এটা একেবারে কমে গেছে। এ কারণেই শ্রমিক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি এবার অসময়ে অতিবৃষ্টি হওয়ায় বিভিন্ন হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কৃষকেরা সপ্তাহখানেক আগে থেকেই আধাপাকা ধান কাটতে শুরু করেছেন।
দেখার হাওরপারের ইছাগড়ি গ্রামের গৃহস্থ আরব আলী জানান, হাওরে তাঁর সাত একর জমিতে বোরো ধান পেকে আছে। কিন্তু শ্রমিক না পাওয়ায় সেই ধান কাটতে পারছেন না। তিনি বলেন,‘এবার অতিবৃষ্টিতে হাওরের ফসলরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ছাড়া শিলাবৃষ্টিতে প্রায় প্রতিদিনই হাওরে ফসলের ক্ষতি হচ্ছে। কিন্তু শ্রমিক না পাওয়ায় ধান   
কাটা যাচ্ছে না।’ শ্রমিক সংকটের কথা জানিয়ে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষক আবদুল করিম বলেন,‘আগে কাটা ধানের একটা অংশ শ্রমিকদের দেওয়া হতো। এবার সেই অংশের পরিমাণ বাড়িয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। কিছু শ্রমিক নগদ টাকায় ধান কাটছে। তাঁদের দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। তারপরও  শ্রমিক মিলছে না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল ইসলাম বলেছেন,‘হাওরে এবার বোরো ধানের ফলন খুবই ভালো হয়েছে। কিছু ফসল জলাবদ্ধতা, বাঁধ ভেঙে ও শিলাবৃষ্টিতে ক্ষতিগস্ত হয়েছে। কৃষকেরা এখন পুরোপুরি ধান কাটায় ব্যস্ত। তবে শ্রমিক সংকটের কারণে ধান কাটায় গতি কম।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,‘জমির পাকা ধান কাটতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। তবে শ্রমিক সংকটের কারণে কৃষকদের সমস্যা হচ্ছে। এ বিষয়টি চিন্তা করেই বালুমহাল বন্ধ ঘোষণা করা হয়েছে। বালু উত্তোলন ও পরিবহনে প্রচুর শ্রমিক কাজ করেন, তাঁরা যদি এ সময় হাওরের ধান কাটায় যুক্ত হন তাহলে কৃষক-শ্রমিক দুই পক্ষেরই লাভ হবে।’

  • [১]